গত সপ্তাহে কেনিয়ার ওয়েস্ট গেট শপিং সেন্টারে জঙ্গি হামলার ব্যাপারে গোয়েন্দা সতর্কতা সত্ত্বেও তা উপেক্ষা করার অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। এঘটনায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে সরকার। একটি ফাঁস হয়ে যাওয়া গোয়েন্দা রিপোর্টের সূত্র ধরে আল জাজিরা জানায়, নিরাপত্তা সংস্থাগুলোকে সম্ভাব্য জঙ্গি হামলার ব্যাপারে এক বছর আগে সতর্ক করা হয়েছিল।
রিপোর্টে বলা হয়েছে নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল যে, ওয়েস্ট গেট শপিং সেন্টারে এবং বাসিলিকা চার্চে আল শাবাব জঙ্গিরা সেপ্টেম্বরে হামলা করতে পারে। জঙ্গি হামলার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবে পার্লামেন্টের সদস্যরা। এমাসের প্রথমদিকে ইসরাইলের দূতাবাস থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল কেনিয়ায় ইসরাইলি নাগরিকদের ওপর হামলা হতে পারে।
তারা জানিয়েছিল বেশকিছু আল শাবাব জঙ্গি শরণার্থী কার্ড নিয়ে সোমালিয়া থেকে কেনিয়ায় প্রবেশ করেছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে কেন শপিং সেন্টারটিতে নিরাপত্তা জোরদার করা হয়নি। রিপোর্টে এমনও বলা হয়েছিল জঙ্গিরা অস্ত্র মজুদ করার জন্য শপিং সেন্টারে দোকান ভাড়া করেছে। এদিকে চলমান তদন্তের ব্যাপারেও অনেকে প্রশ্ন তুলেছেন। কয়েক ডজন নিখোঁজ মানুষের হদিস দিতে পারেছেনা সরকার।
