ইন্দোনেশিয়ায় নৌকাডুবি ৩৬ মৃতদেহ উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৬
ইন্দোনেশিয়ায় একটি ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ৩৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো ডজনখানেক নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা গতকাল সোমবার জানিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে আসা অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়-প্রার্থীদের বহনকারী নৌকাটি গত শুক্রবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপ থেকে রওনা হয়েছিল। পশ্চিম জাভা অনুসন্ধান ও উদ্ধার দপ্তরের মামান পাদমানো বলেন, উদ্ধারকর্মীরা সব মিলিয়ে ২৮ জনকে নিরাপদে উদ্ধার করেছে। কিন্তু তিনি নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করে জানাতে পারেনি। একটি স্থানীয় সামরিক সূত্র অনুযায়ী মোট ১২০ যাত্রীর মধ্যে নিখোঁজ ব্যক্তির সংখ্যা ৫৯-এ পৌঁছেছে। জানা গেছে, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো চলছে। মামান আরো বলেন, নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার কর্মকর্তা, সামরিক বাহিনী এবং পুলিশ কিয়ানজুর উপকূলে অনুসন্ধান চালিয়েছে। মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশ থেকে আগত, যারা অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে থাকে, তাদের জন্য ইন্দোনেশিয়া একটি জনপ্রিয় ট্রানজিট কেন্দ্র। এই রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা প্রায়ই নৌকায় করে সাগর পাড়ি দিতে দিয়ে নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেন।