হবিগঞ্জ ও নাগরপুরে দুইজন খুন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০২
হবিগঞ্জ ও টাঙ্গাইলের নাগরপুরে পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। হবিগঞ্জ হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামে গত রবিবার সুমন মিয়া (১৮) নামে এক সিএনজি চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ জামিল নামে একজনকে গ্রেফতার করেছে। সদর উপজেলার কটিয়াদি বাজারে যাওয়ার জন্য কয়েকজন যাত্রীবেশি সুমনের সিএনজি অটোরিকশা ভাড়া করে। মশাজান ব্রিজের নিকট পৌছুলে যাত্রীবেশীরা সুমনকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারিরা গুরুতর আহত সুমনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন। নাগরপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের নাগরপুরে তুলা ক্ষেত থেকে গত রবিবার কাজী বজলুর রহমান (২৭) নামে একজনের লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। সে জগতলা গ্রামের মৃত কাজী হুরমুজ আলীর পুত্র। গত পাঁচদিন ধরে সে নিখোঁজ ছিল। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।