বগুড়ায় ৪ জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৩
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও রায়গঞ্জ ও শেরপুর সংবাদদাতাদের। বগুড়া ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়ার শেরপুরের বামুনিয়া মোড়ে গতকাল সোমবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত ও ১৮ জন গুরুতর আহত হন। নিহতরা হলেন নগর হালদার (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫), ট্রাক চালক রুবেল (৩৫) ও সুনিল হালদার (৪৪)। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানায় মামলা হয়েছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কটিয়াদীতে গত রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় উপজেলার কৃষি কর্মকর্তা আ. আজিজ (৫০) নামে এক ব্যক্তি মারা যান। পাকুন্দিয়া থেকে অটোরিকশাযোগে কটিয়াদী অফিসে যাওয়ার পথে অটোরিকশা উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন। ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ভালুকা (ময়মনসিংহ) ভালুকা-মল্লিকবাড়ি সড়কের উপজেলার মল্লিকবাড়িতে গত রবিবার রাতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে নারীসহ ২ পোশাক শ্রমিক নিহত ও ৩০ শ্রমিক আহত হয়েছেন। নিহতরা হলেন মল্লিকবাড়ী গ্রামের ফারুক হোসেনের স্ত্রী হাসিনা আক্তার (২৫) ও সোনাখালী গ্রামের শফিকুল ইসলাম (৩০)। আহতদের ভালুকা ও ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।