প্রকৃতির কতোই না বিচিত্র খেয়াল। একটি গাভী পরপর তিনটি বাছুর প্রসব করেছে। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উত্সুক লোকজন গাভীটি দেখার জন্য ভিড় জমায়। কুমিল্লার মুরাদনগর উপজেলার খোশঘর গ্রামের নজরুল ইসলামের এ গাভীটি গত শুক্রবার গভীর রাতে এ তিনটি বাছুর প্রসব করে।
জানা যায়, গত বছরের ২০ ডিসেম্বর মুরাদনগর উপজেলার মেটংঘর বাজার থেকে ফ্রিজিয়ান জাতের একটি গাভী ক্রয় করেন উপজেলার খোশঘর গ্রামের দেলোয়ার মিয়ার পুত্র নজরুল ইসলাম। পরে তিনি ব্র্যাকের স্থানীয় কৃত্রিম প্রজনন কর্মী মো. রুহুল আমিনকে দিয়ে হিমায়িত হলষ্টেন ফ্রিজিয়ান জাতের বীজ দ্বারা গাভীটির প্রজনন করান। গত শুক্রবার গভীর রাতে গাভীটি স্বাভাবিকভাবে একের পর এক সাদা-কালো রঙের তিনটি বাছুর প্রসব করে। এর মধ্যে দুইটি এড়ে বাছুর আর অপরটি বকনা বাছুর। গাভী ও বাছুরগুলো সুস্থ আছে। নজরুল ইসলাম জানান, প্রতিদিন গাভীটি ১৫ কেজি করে দুধ দিচ্ছে।
