‘‘শিশু কন্যার বিয়ে নয়; করবে তারা বিশ্ব জয়’’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে পালিত হলো ‘জাতীয় কন্যাশিশু দিবস’। বেলুন উড়িয়ে কন্যাশিশু দিবসের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এরপর কন্যাশিশুদের শোভাযাত্রায় অংশ নেন প্রতিমন্ত্রী। শোভাযাত্রাটি শাহবাগ পাবলিক লাইব্রেরি থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মানববন্ধন শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী ও কন্যাশিশু এডভোকেসি ফোরামের যৌথ আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কন্যাশিশু এডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, ডিএমপি ট্রাফিক জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মিলি বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন, লালন শিল্পী ফরিদা পারভীন, এভারেস্ট বিজয়ী নারী ওয়াসফিয়া নাজরীন, ডিএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার শামীমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন, কন্যাশিশু এডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি।
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমীতে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসাবে আজ ১ অক্টোবর সকাল ১০টায় ‘স্বল্প সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত শিশু সমাবেশ’, ২ অক্টোবর সকাল ১০টায় ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কার্যক্রম’, ৪ অক্টোবর সকাল ৯টায় ‘স্বল্প সুবিধাভোগী, শ্রমজীবী শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার বিষয়ক কার্যক্রম’, ৫ অক্টোবর সকাল ১০টায় ‘স্বল্প সুবিধাভোগী শিশুদের অধিকার বিষয়ক কার্যক্রম’ অনুষ্ঠিত হবে। এই সব অনুষ্ঠানে শিশু সমাবেশ ও শোভাযাত্রা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৭ অক্টোবর ‘বিশ্ব শিশু দিবসে’র আলোচনা সভায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।
