বেসরকারি শিক্ষকদের নয় দফা দাবির প্রতিশ্রুতি রাখতে শিক্ষামন্ত্রী ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এমএ আউয়াল সিদ্দিকী । তিনি বলেন, কয়েকটি দাবির আংশিক পূরণ হলেও বাকিগুলোর প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতা পার করেছেন তিনি। অবিলম্বে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ন্যায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মূল্যায়নের দাবি জানান তিনি।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আউয়াল সিদ্দিকী অভিযোগ করে বলেন, নূরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী হওয়ার আগে বেসরকারি শিক্ষকদের নয় দফা দাবির সঙ্গে একাত্ম প্রকাশ করে আন্দোলনে ছিলেন। দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু মন্ত্রী হবার পর সব ভুলে গেছেন। তিনি বলেন, দাবিগুলোর মধ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণসহ নয় দফা দাবি ছিল।
সংগঠনের সাধারণ সম্পাদক বিলকিস জামান, সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায়, আফজাল মিয়া, আবদুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।
