ন ট র ডে ম ক লে জ

ক্ষুদে বিজ্ঞানীদের উত্সব

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৮:২৯
তানজিমুল হাই রাফি, মাশরুর রহমান এবং শাফি মাহমুদ। নটর ডেম কলেজের বিজ্ঞানের প্রথম বর্ষে পড়ছেন তারা। তিন বন্ধু মিলে তৈরি করেছেন মনের মানচিত্র। এটি ডিজিটাল পোস্টার শাখায় প্রদর্শিত হয়েছে। সহজে মনে রাখার কৌশল হচ্ছে এই মনের মানচিত্র। রঙের ব্যবহার করে মনে রাখার সহজ পাঠ হতে পারে এটি। ঢাকা ইম্পেরিয়াল কলেজের দুই ছাত্র কাজী জাহিদ হোসেন এবং সুশান্ত চৌধুরী। ওয়েল প্লান সিটি নামের তাদের প্রজেক্টে পরিকল্পিত নগরায়নের কথা বলা হয়েছে। তারা দেখিয়ে দেয়ার চেষ্টা করেছেন কিভাবে পরিকল্পিত নগরী গড়ে তোলা যায়। মতিঝিল মডেল স্কুলের ৭ম শ্রেণীর তিন ছাত্রীকে ভাবিয়ে তুলেছে পাহাড়ী রাস্তার সড়ক দুর্ঘটনা। সেটা রোধ করতেই তারা দিয়েছেন একটা পরিকল্পনা। নাম দিয়েছেন ‘পাহাড়ী রাস্তায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ’। তিন ছাত্রী হলেন, মিথিলা ফারজানা, নুসরাত জাহান এবং ইফফাত আক্তার। ক্ষুদে বিজ্ঞানীদের এরকম নানা উদ্ভাবন প্রদর্শনী এবং পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হলো নটর ডেম কলেজ বিজ্ঞান ক্লাবের সপ্তাহব্যাপী বিজ্ঞান উত্সব। এবারের বিজ্ঞান মেলায় দেশের ২০টি কলেজ এবং ২২টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রদর্শিত হয় ক্ষুদে বিজ্ঞানীদের ৩৮০টি উদ্ভাবন। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উত্সাহ-উদ্দীপনায় উত্সবমুখর ছিলো নটর ডেম কলেজ। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনগুলো নিয়ে নিজ নিজ স্টলে দর্শনার্থীদের সাথে ব্যস্ত সময় কাটান। বিজ্ঞান মেলার সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ছিলেন অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও। এছাড়া বিজ্ঞান ক্লাবের মডারেটর সুশান্ত সরকার, কো-মডারেটর ভিনসেন্ট তিতাস রোজারিও, ক্লাবের সভাপতি আহমেদ আনান এবং সাধারণ সম্পাদক ফারহানুল হুদা উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, বিজ্ঞানের প্রয়োজনীয়তার কথা নতুন করে বলার কিছু নেই। আধুনিক বিশ্বে টিকে থাকার লড়াইয়ে অন্যতম হাতিয়ার প্রযুক্তি। আমি মনে করি একটি দেশের উন্নতির জন্য প্রয়োজন বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনশক্তি। তিনি বলেন, নিশ্চিতভাবে বলতে পারি আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই আগামীদিনে সামনে থেকে নেতৃত্ব দেবে দেশকে। নটর ডেম অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, বিজ্ঞান ক্লাবকে ধন্যবাদ। এরাই আমাদের কলেজেকে এবং দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। তিনি বলেন, আমি আশা করি আজকের ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞানকে কল্যাণকর কাজে ব্যবহার করবে। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানভিত্তিক চেতনা গড়ে তোলার লক্ষ্যে কলেজের বিজ্ঞান ক্লাব উত্সবটির আয়োজন করেছে। দেশের ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৫শ’ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে। সপ্তাহব্যাপী উত্সবের মধ্যে ছিল- সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, অলিম্পিয়াড, সুডোকু, আইকিউ টেস্ট। এছাড়া দেয়াল পত্রিকা, ডিজিটাল পোস্টার, বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শনী করা হয়। উত্সবের মিডিয়া পার্টনার ছিলো দৈনিক ইত্তেফাক, সময় টেলিভিশন এবং রেডিও ফুর্তি।