দর্শক সমর্থন যে যুক্তির কাছে হার মানতে বাধ্য তা সবার করতালিতে প্রমাণিত হয়েছে। তাই তো নিজ দলকে ভুলে সত্যিকার বিতর্ককেই রায় দিচ্ছিলেন। সরকারি দল আত্মপক্ষ সমর্থন করলেও বিরোধী দল এতে ওয়াকআউট করে সংসদ ছেড়ে যায়নি। এতক্ষণ যে সংসদ অধিবেশনের কথা বলা হচ্ছে তা কোনো জাতীয় সংসদ অধিবেশন নয়। ‘দ্রোহের শিখায় রক্তিম প্রাণ, চেতনায় তব মুক্তির গান’ প্রতিপাদ্যকে উপজীব্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অরগানাইজেশন (জুডো) কর্তৃক আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৩ এর চিত্র। এটি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অরগানাইজেশনের (জুডো) ৬ষ্ঠ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এতে দেশের প্রায় ২ শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক বিতার্কিক অংশ নেয়।
সমাপনী দিনে মুক্তমঞ্চে বিতর্ক দেখতে এসে বাংলা বিভাগের আল-আমিন জানায়, রাতের অন্ধকারে লাল-নীল রঙের আলোকসজ্জায় সাজানো মুক্তমঞ্চের পুরো মজাই বিতর্ক বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। খোলা আকাশের নিচে সবুজ অরণ্যের মাঝে বসে দেশের অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধি ও সাম্প্রদায়িকতার বিভিন্ন বিষয় উঠে এসেছে বিতার্কিকদের মুখ থেকে। দর্শকদের উল্লাস দেখে মনে হচ্ছিল সত্যিই বুঝি বিতর্কের জয়জয়কার।
প্রতিযোগিতায় সংসদীয় বিতর্কের পাশাপাশি ছিল বিতর্ক কর্মশালা, বিতর্ক বিষয়ক সেমিনার, আন্তঃস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বারোয়ারি বিতর্ক। প্রতিযোগিতা উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সারা দেশ থেকে আগত বিতার্কিকদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে জাবি ক্যাম্পাস। উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় র্যালী, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, স্কুল ও কলেজ পর্যায়ের ফাইনাল বির্তক ও রম্য বিতর্ক।
২৮ সেপ্টেম্বন শনিবার বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বিতর্কের ফাইনাল রাউন্ড। এতে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইনাল বিতর্কের বিষয় ছিল ‘সাম্প্রদায়িকতা আমাদের কখনো গ্রাস করতে পারবে না’। বির্তকে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়। স্কুল পর্যায়ের বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সেন্ট গেগ্ররি হাই স্কুল ও রানার আপ হয় সাভারের জিরাবো ক্যান্ট: পাবলিক। কলেজ পর্যায়ের বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সরকারি বিজ্ঞান কলেজ ও রানার আপ হয় সেন্ট জোসেফ কলেজ। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। তিনি বলেন, ‘আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে এই তরুণ সমাজ । তাই তরুণ সমাজকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।’ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম এ মতিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান।
