পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সৃজনশীল মানুষ হতে চাই

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৮:৩৬
সাইফুল ইসলাম ইভান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। জন্ম ১৯৯২ সালের পটুয়াখালীতে। দুই ভাইয়ের মধ্যে ইভান বড়। মা আদর করে ডাকেন বাবু সোনা। ইভানের শৈশব-কৈশর কেটেছে পটুয়াখালী সদরে। পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসি এবং একেএম কলেজ থেকে ২০১০ সালে এইচএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ সেশনে ভর্তি হন। ৬ বছর বয়সে ইভান সাংস্কৃতিক সংগঠন দখিনা খেলাঘর আসরে নৃত্য বিভাগে ভর্তি হন। শুরুতে তার গুরু ছিলেন মনিরুজ্জামান মনি। এখন ইভান শাহরিয়ার সোহাগের শুদ্ধ নৃত্য চর্চায় প্রশিক্ষণরত। এছাড়াও নৃত্যগুরু তরিত্ সরকার ও বেলায়েত হোসেনের কাছে ভরতনাট্যম এবং সাজু আহম্মেদের কাছে কথক নৃত্যের উপর দীর্যদিন তালিম নিয়েছেন। ইভান পটুয়াখালীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বহুজন প্রশংসিত হয়েছেন। শুধু পটুয়াখালীতেই নয় বরিশাল, খুলনা, ঢাকা, বগুড়া, দিনাজপুর, গাইবন্ধাসহ অনেক জায়গায় এবং দেশের বাইরে দুবাই ও ইন্ডিয়াতে নৃত্য পরিবেশনায় প্রশংসা ও পুরস্কার অর্জন করেছেন। ২০০৬ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মনিপুরী নৃত্যে দ্বিতীয় স্নান, জাতীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতায় ২০০৩ ও ২০০৯ সালে লোকনৃত্যে দ্বিতীয় ও প্রথম স্নান অর্জন করেন। ইভান বাংলাদেশ টেলিভিশনের ২০০৭ সাল থেকে নিয়মিত একজন তালিকাভুক্ত নৃত্যশিল্পী এবং টেলিভিশনে নিয়মিত নৃত্য পরিবেশনা করছেন।