গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর স্থানীয় এক হোটেলে প্রদান করা হলো মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৩। শিশুদের অধিকার আদায়ে গণমাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান ও রিপোর্টিংয়ের উপর ভিত্তি করে বিশেষ অবদানের জন্য ইউনিসেফ ২০০৫ থেকে এ অ্যাওয়ার্ড চালু করে। এ বছর একুশে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘মুক্ত খবর’-এর সুস্মিতা সেন ১ম ও সিফাত তন্ময় ২য় স্থান লাভ করেন। অনূর্ধ্ব ১৮ টেলিভিশন রিপোর্টিং বিভাগে সুস্মিতার প্রতিবেদনের বিষয় ছিল স্কুলে বধিরদের উপর নির্যাতন এবং তন্ময়ের প্রতিবেদনের বিষয় ছিল বাণিজ্যিক ছবিতে শিশু-কিশোরদের আপত্তিকর উপস্থিতি। তা ছাড়া ‘দেশজুড়ে’র প্রযোজক সাখাওয়াত্ লিটন ১৮ বছর উর্ধ্ব টেলিভিশন রিপোর্টিং বিভাগে ২য় পুরস্কার লাভ করেন। সাখাওয়াত্ লিটনের পুরস্কারপ্রাপ্ত এই প্রতিবেদনের বিষয় ছিল নাটোরের প্রত্যন্ত চলনবিলে নৌকা স্কুলের মাধ্যমে শিক্ষা বিস্তারের কথা। নৌকায় সোলার সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষাসহ, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আধুনিক বিশ্বের সাথে পরিচিত করে তোলার বিষয়টি ছিল প্রতিবেদনে। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী হিসেবে ১ম পুরস্কার ৫০ হাজার ও ২য় পুরস্কার ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
