ভারতে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষিসাব্যস্ত সাবেক রেলমন্ত্রী ও লোকসভার এমপি লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবরি দেবি বলেছেন, তার স্বামী জেলে গেলেও তিনি তার পুত্র তেজস্বিকে নিয়ে দলের নেতৃত্ব চালিয়ে যাবেন। ঠিক যেভাবে সোনিয়া গান্ধী তার পুত্র রাহুলকে নিয়ে দল চালাচ্ছেন আমরাও সেভাবে দল চালিয়ে যাব।— খবর এনডিটিভির।
রাবরি দেবি বলেন, এর আগে যখন লালু প্রসাদ জেলে গিয়েছিলেন, তখনও আমরা দলের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়েছি। আর এবারো আমরা তা যথার্থভাবে পারবো বলে বিশ্বাস করি। তিনি বলেন, এটি আমার কথা নয়, লালু প্রসাদেরও একই কথা, যা তিনি আগে থেকেই বলে গিয়েছিলেন। রাবরি দেবি বলেন, সোনিয়া গান্ধী এবং রাহুল যেভাবে কংগ্রেসের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন, আমরাও সেই একইভাবে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) দায়িত্ব চালিয়ে যাব। আমরা দলকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যেতে পারবো। বিহারের তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী ৫৪ বছর বয়স্ক রাবরি দেবি এ কথাগুলো বলেন, যখন তার স্বামী লালু প্রসাদের বিরুদ্ধে রাঁচির আদালত রায় ঘোষণা করে। সোমবার সকালে এ রায় ঘোষণা করা হয়। এতে লালুপ্রসাদ কমপক্ষে চার বছর সাজা ভোগ করতে যাচ্ছেন। সেইসঙ্গে তাকে লোকসভা থেকে বহিষ্কার করা হবে। তারচেয়েও বড় বিষয় সামনের বছর তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
আরজেডি নেতাদের ইচ্ছা লালুপ্রসাদের অনুপস্থিতে রাবরি দেবিই দলের নেতৃত্ব দিবেন। রাবরি দেবির দুই ছেলে রয়েছে। তারা হচ্ছেন, তেজ প্রতাপ যাদব ও তেজস্বি যাদব। তেজস্বিকে লালুপ্রসাদের রাজনীতির অঙ্গনে উত্তরাধিকারী হিসাবে ধরা হয়।
