কুচকাওয়াজে ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল দ. কোরিয়া

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২০:০৭
দক্ষিণ কোরিয়া তার সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ সম্পন্ন করেছে গতকাল। সামরিক বাহিনী দিবসের এই কুচকাওয়াজে গতকাল ক্রুজ মিসাইল ও টর্পেডো প্রদর্শিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীর এই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এবং জেনারেল মার্টিন ডেম্পসে। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই বলেন, কোরীয় উপদ্বীপের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, পরমাণু কর্মসূচি বন্ধ না করা এবং শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্ত সামরিক অবস্থান বজায় রাখতে হবে আমাদের। এর আগে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল পানমুনজমে যৌথ নিরাপত্তা এলাকা পরিদর্শন করেন। গত রবিবার চারদিনের সফরে দক্ষিণ কোরিয়া যান চাক হেগেল।