ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের অর্থনীতিতে নাশকতামূলক তত্পরতা চালানোর অভিযোগে তিন মার্কিন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। সোমবার সান্তাআনা শহরে এক সরকারি অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। বহিষ্কৃত তিন কূটনীতিকের বিষয়ে প্রেসিডেন্ট মাদুরো বলেন, তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে ভেনিজুয়েলা ত্যাগ করতে হবে। বহিষ্কৃতরা হচ্ছেন : মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কেলি কিডার্লিং, সিনিয়র কূটনীতিক ডেভিড মু এবং এলিজাবেথ হফম্যান।
মাদুরো বলেন, তাদের বিরুদ্ধে ভেনিজুয়েলার বিদ্যুত্ সঞ্চালন ব্যবস্থায় নাশকতার সৃষ্টির প্রমাণ রয়েছে। তারা আমাদের দেশে বিদ্যুতের উত্পাদন কমানোর জন্য বিভিন্ন কোম্পানিকে ঘুষ দিয়েছেন। এসব কূটনীতিকের বহিষ্কারের ঘোষণা দিয়ে তিনি বলেন, ভেনেজুয়েলা থেকে বের হও! ইয়াঙ্কিরা বাড়ি যাও! একটি শন্তিপূর্ণ জাতির মর্যাদাকে অনেক অপমান করেছ তোমরা। ”
যুক্তরাষ্ট্রের কারাকাস দূতাবাস জানিয়েছে, ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তিন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তাদের জানানো হয়নি। অভিযোগ অস্বীকার করে দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলা সরকারের অভিযোগ আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। ভেনেজুয়েলা সরকারকে অস্থিতিশীল করার মতো কোনো ধরনের চক্রান্তের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়।
