অনলাইনে উচ্চশিক্ষায় নতুন সংযোজন ‘ফিউচারলার্ন’

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২০:৫৪
সময়ের সাথে সাথে অনলাইনে উচ্চশিক্ষা এখন সর্বত্র জনপ্রিয় হয়ে উঠছে। তারই ধারাবাহিকতায় এখন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্স অফার করতে শুরু করেছে। এবারে অনলাইনে উচ্চশিক্ষায় নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে নতুন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে যুক্তরাজ্য। তাদের সবচেয়ে বড় অনলাইন বিশ্ববিদ্যালয়টি এবারে যাত্রা শুরু করেছে সম্প্রতি। অনলাইন এই বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে ‘ফিউচারলার্ন’। যুক্তরাজ্যের বড় বড় ২৩টি বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে যুক্ত হয়েছে এই অনলাইন প্ল্যাটফর্মে। ইউনিভার্সিটি অব ব্রিস্টল, কার্ডিফ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব গ্লাসগো, কিংস কলেজ লন্ডন, কুইনস ইউনিভার্সিটি বেলফাস্ট, ইউনিভার্সিটি অব শেফিল্ডের মতো নামি-দামি সব শিক্ষাপ্রতিষ্ঠান ফিউচারলার্নে কোর্স করাবে। শুরুতেই ২০টি শর্ট কোর্সের ঘোষণা দেওয়া হয়েছে ফিউচারলার্নে। এর মধ্যে ৮টি শুরু হয়ে যাবে এই বছরেই। পরীক্ষামূলক পর্যায় দিয়েই শুরু হবে এখানকার শিক্ষাক্রম। শুরুতে যারা কোর্সগুলো গ্রহণ করবে, তারা মূলতই এমসিকিউয়ের মাধ্যমে নিজেদের যাচাই করতে পারবে। পরে ধীরে ধীরে এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়ালেখার সুযোগও তৈরি হবে। ফিউচারলার্ন কর্তৃপক্ষ আশা করছে, এখানকার প্রতিটি ম্যাসিভ অনলাইন ওপেন কোর্সে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী যুক্ত হবে। অনলাইন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থীরা কেবল পিসিই নয়, স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো মোবাইল ডিভাইস ব্যবহার করেও তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। উচ্চশিক্ষাকে সর্বত্র ছড়িয়ে দিতে এই ধরনের অনলাইন বিশ্ববিদ্যালয়গুলো তাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিউচারলার্ন অনলাইন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডেভিড বেল তাদের এই উদ্যোগ সম্পর্কে জানান, ‘শিক্ষাকে সকলের কাছে উন্মুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকেই পথিকৃত্ হতে হবে। অনলাইনে উচ্চশিক্ষার বিভিন্ন কার্যক্রম চালু করা গেলে মোবাইল ডিভাইস ব্যবহার করে যেকোনো স্থান থেকে শিক্ষার সাথে সম্পৃক্ত থাকা যাবে। ফলে শিক্ষা অনেক বেশি উন্মুক্ত হবে এবং অনেক বেশি সহজ হবে।’