শিশু গৃহকর্মী আদুরীর উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে ‘আদুরীর পাশে আমরা সবাই’ শ্লোগানকে সামনে রেখে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা কমিউনিটি পুলিশ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পর্ষদ এবং নাগরিক সমাজ।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এই মানববন্ধন চলে। মানববন্ধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মিনা মাসুদউজ্জামান, পুলিশ সুপার জামিল হাসান, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পৌর কাউন্সিলর আব্দুল জলিল, শিক্ষাবিদ অধ্যাপক মো. শাহজাহান। মানববন্ধনে ফরিদপুরে কর্মরত বিভিন্ন পর্যায়ের শতাধিক পুলিশ সদস্য, মহিলা পুলিশের একটি টিম, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ নারী নেত্রী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সাথে এ মানববন্ধনে সাধারণ জনগণও অংশ নেয়।
