চিকিত্সা দিতে দেরি করায় শিশুর মৃত্যু!

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:১১
সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সা অবহেলায় এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিশু বায়েজিত (১০) সদর উপজেলার কুটির চর গ্রামের লিয়াকত আলীর পুত্র। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার কৃষক বায়েজিতের বড় ভাই শাহাদত তার জমিতে একটি পাতিলে করে বিষ প্রয়োগ করে। পরে সেই পাতিল বাড়িতে নিয়ে আসলে সবার অজান্তে শিশু বায়েজিত পাতিলে করে মুড়ি মাখিয়ে খায়। কিছুক্ষণ পরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিত্সক তাকে চিকিত্সা না দিয়ে অপেক্ষা করায় শিশুটির মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় নিহতের আত্মীয়-স্বজনরা হাসপাতালে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ ও সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম অবহেলার বিষয়টি তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।