চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটকে আল্টিমেটাম

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:১২
গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ কামাল হোসেনের আদালত বর্জন করে ৭ দিনের মধ্যে তাকে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন জেলা আইনজীবীরা। সোমবার জেলা আইনজীবী সমিতির সভা শেষে এ দাবিতে তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে আইনজীবীরা এ আল্টিমেটাম প্রদান করেন। সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মুন্সি আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম.এম নাসির আহম্মেদ, সিনিয়র আইনজীবী হাফিজুর রহমান, এ্যাড. আমিনুর রহমান বিশ্বাস লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.শাহনাজ পারভীন লিপি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ কামাল হোসেনকে স্বেচ্ছাচারী ও ক্ষমতার অপব্যবহারকারী আখ্যা দিয়ে তার অপসারণ দাবি করেন। চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ কামাল হোসেনকে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।