সংবাদ সংক্ষেপ

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:১৩
মানিকছড়িতে বারি কলার ফলন পর্যবেক্ষণ রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা\ মানিকছড়িতে গত সোমবার টিস্যু কালচারের মাধ্যমে উত্পাদিত বারি কলা-৩ এর চারার ফলন পর্যবেক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শুরুর আগে টিস্যু কালচারের মাধ্যমে উত্পাদিত বারি কলা-৩ এর চারায় সৃজিত বাগান পর্যবেক্ষণ করা হয়। কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলফিকার আলী ফিরোজের সভাপতিত্বে মাঠ দিবসের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাটহাজারি কৃষি গবেষণা কেন্দ্রে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মনোরঞ্জন ধর প্রধান অতিথির বক্তব্য রাখেন। বৈজ্ঞানিক সহকারী গাজী মো: আবু নাঈমের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। শিশুর অধিকারের পুরস্কার পেল মেহেরপুরের চন্দন মেহেরপুর প্রতিনিধি \ কন্যা শিশুর অধিকার বিষয়ক জাতীয় রচনা প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পারভেজ আহনাফ শাহরিয়ার চন্দন। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে গত সোমবার তাকে পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার। প্রধান অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, বাংলাদেশের প্রথম নারী পর্বত আরোহী ওয়ানফিয়া নাজনীন, উপ-মহাপুলিশ পরিদর্শক লিলি বিশ্বাস, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, কন্যা শিশু এডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার প্রমুখ। কোটালীপাড়ায় সেলাই মেশিন বিতরণ কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিআরডিবি’র আওতাভুক্ত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আয়োজনে সেলাই ও এমব্রয়ডারী বিষয়ক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত সোমবার উপজেলার এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। বাপার্ডের মহাপরিচালক মোঃ শওকত আকবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব সেলাই মেশিন বিতরণ করেন। পার্বতীপুরে যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা\ দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইফতেখারুল আলম চৌধুরী বিপ্লবকে সভাপতি ও আমিরুল মোমিনিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সরকারের ভূমি প্রতিমন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ও ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম প্রমুখ। সিংগাইরে ইয়াবাসহ ছাত্র গ্রেফতার সিংগাইর (মানিকগঞ্জ )সংবাদদাতা \ উপজেলা সদর পৌরসভা এলাকা গোবিন্দল গ্রাম থেকে ৫০ পিস ইয়াবাসহ রবিউল হাসান রানা নামে এক স্কুলছাত্রকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে থানা-পুলিশ। সে গোবিন্দল যাদুরচর গ্রামের বাসিন্দা এবং গোবিন্দল-ঘোনাপাড়া হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র। সিংগাইর থানার এএসআই সাখাওয়াত্ হোসেন বলেন, রানা (১৬) এবং বিনোদপুর গ্রামের মুদি ব্যবসায়ী রাজিব (১৮) গোবিন্দল জামটি বাজারের কাছাকাছি ইয়াবা বিক্রি করেছিল। এ সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলেন। তবে রাজিব পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। সুজানগরে নারীর অগ্রযাত্রা বিষয়ক মানববন্ধন সুজানগর (পাবনা) সংবাদদাতা \ নারীর অগ্রযাত্রায় ধর্মীয় মূল্যবোধ ও আচার-অনুষ্ঠান বাধা নয় বরং পরিপূরক এ চেতনাকে তুলে ধরে গত সোমবার পাবনার সুজানগর উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহানের সভাপতিত্বে মানববন্ধনে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির, উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মতিন, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ। বাঞ্ছারামপুরে বিজনেস বিষয়ক কর্মশালা বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বিজনেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোঃ আজিজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদ আহমেদ বাবু। আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সফল উদ্যোক্তার গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন ট্রেনার আমানউল্লাহ, বাঞ্ছারামপুর তিতাস ইউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও যুগান্তর প্রতিনিধি আশেক এমরান, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল প্রমুখ। কাঠালিয়ায় ইফার সমন্বয় সভা কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আবুল বাশার মুহাম্মদ আমীরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ছিটকি নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাঠালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ ফারুক হোসেন খান। কাজীপুরে বিএনপি নেতা গ্রেফতার সিরাজগঞ্জ প্রতিনিধি \ বড়ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক মিল্টনকে গ্রেফতার করেছে পুলিশ। সে কাজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর। আব্দুর রাজ্জাক মিল্টন গত সোমবার সন্ধ্যায় কাজিপুর পৌরসভায় মাসিক সভা শেষে পৌরসভা কার্যালয় থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতার করে। কাজিপুর থানার এসআই আব্দুল আজিজ জানান- বিএনপি নেতার বড়ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। লাকসামে বন কর্মকর্তা বরখাস্ত লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ বনায়নের অর্থ আত্মসাতের ঘটনায় লাকসাম উপজেলা বন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইউনুছ আলীর নির্দেশে (স্মারক নং-৪২৮) লাকসাম-মনোরহগঞ্জ উপজেলা বন কর্মকর্তা শাহ আলম প্রধানীয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রধান বন সংরক্ষণ কর্মকর্তার বিভাগীয় তদন্তে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের অংশ হিসেবে সড়ক বনায়নে পাহারাদারদের বেতনের টাকা, সরকারি রাস্তার গাছ বিক্রি, বনায়নের চারা বিক্রি ও রক্ষণাবেক্ষণের অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তি দেয়া হয়। আক্কেলপুরে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা\ জয়পুরহাটের আক্কেরপুরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনের দায়ে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় আক্কেলপুর থানা পুলিশ পৌর সদরের পশ্চিম হাস্তাবসন্তপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে আব্দুল মজিদ বাবু (৩২) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট গোলাম মোঃ শাহনেওয়াজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। হোমনা রেহেনা মজিদ মহিলা কলেজে যুগপূর্তি হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের যুগপূর্তি অনুষ্ঠান গতকাল মঙ্গলবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইউএনও মো. হেলাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ। বক্তব্য রাখেন ওসি আসলাম সিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকম নূরুল আমিন, মুক্তিযোদ্ধা আঃ বাতেন, প্রধান শিক্ষক আঃ মতিন, প্রভাষক সুলতানা রাজিয়া প্রমুখ। কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ কোরবানির ঈদ সামনে রেখে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। সশস্ত্র ডাকাত দল কক্সবাজার-টেকনাফ সড়কের পানের ছড়ার ঢালায় ব্যারিকেড দিয়ে ৪/৫টি যানবাহনে ব্যাপক তান্ডব চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। গত সোমবার রাত সাড়ে ৯টায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। তুলাবাগান হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। সাতকানিয়ায় মৃত্যুর সাথে লড়ছে এলডিপি কর্মী সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের সাতকানিয়ায় শিবিরের হামলায় আহত এলডিপি কর্মী মৃত্যুর সঙ্গে লড়ছে। উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ছোট ভাই এলডিপি কর্মী মোহাম্মদ শফি (৩৫) রবিবার রাতে শিবিরের হামলায় গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শফি কেরানীহাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ৮/১০ জনের শসস্ত্র শিবির কর্মী তার পথরোধ করে হামলা চালায়। এ সময় শিবির কর্মীরা এলোপাতাড়ি কুপিয়ে তার মাথায় ও পিঠে গুরুতর জখম করে এবং মোটর সাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। চিত্কারে শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে শিবির কর্মীরা পালিয়ে যায়। কাঠালিয়ার দুইটি গ্রাম ৫ দিন অন্ধকারে কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ বজ্রপাতে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হওয়ায় বড় কাঠালিয়া ও দক্ষিণ কৈখালী গ্রামের কয়েক হাজার মানুষ গত ৫ দিন ধরে অন্ধকারে রয়েছে। জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর বড় কাঠালিয়া গ্রামের কানন জমাদ্দারের বাড়ি সংলগ্ন বিদ্যুতের ট্রান্সফরমার বজ্রপাতে বিকল হয়। দক্ষিণ কৈখালী গ্রামের আবদুর রাজ্জাক আকন জানান, বিদ্যুত্ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। মুরগির ফার্ম বন্দ হওয়ার উপক্রম হয়েছে। ফ্রিজে রাখা মাছ মাংস নষ্ট হয়ে গেছে। কাঠালিয়া বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের (ওজোপাডিকো) সহকারি আবাসিক প্রকৌশলী মোঃ আবদুল ওয়াহাব জানান, ২-১ দিনের মধ্যে নূতন ট্রান্সফরমা স্থাপন করা হবে। টানা বর্ষণে দৌলতপুরে ফসলের ক্ষতি দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ কয়েকদিনের টানা বর্ষণে মানিকগঞ্জে রাস্তা ঘাটসহ ফসলের, ব্যাপক ক্ষতি কৃষকরা দিশেহারা। কয়েকদিনের টানা বর্ষণে মানিকগঞ্জসহ আশপাশের এলাকাগুলোর আধাপাকা ও কাঁচা রাস্তাঘাটসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের চলাচলে হচ্ছে দুর্ভোগ। বিশেষ করে যমুনা ও ধলেশ্বরী নদীর চরাঞ্চল বাঘুটিয়া, বাচামারা, চরকাটারী ও মকিমপুরের শীতকালীন সবজি বেগুন, মরিচ, করল্লা, ফুলকপিসহ বিভিন্ন ধরনের শাক সবজি ও সদ্য বপন করা মাশকলাই, খেসারীসহ পাকা রোপা ধানের ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মছির উদ্দিন জানায়- টানা বর্ষণের ফলে কৃষকদের আমন ধানের জন্য ভাল হলেও পাকা রোপা ধানসহ মরিচ ও বেগুনের আবাদে ক্ষতি হয়েছে। ছাগলনাইয়ায় প্রবাসীর অপহূত পুত্র উদ্ধার হয়নি ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ উপজেলার কাশিপুর গ্রামের পাকিস্তান প্রবাসী এনামুল হকের পুত্র অপহূত মোঃ বেলাল হোসেকে পুলিশ উদ্ধার করতে পারেনি। সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে ফেনী রেল স্টেশন রোড থেকে দুর্বৃত্তরা বেলালকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক রেখে পাকিস্তান প্রবাসী পিতা-মাতার নিকট মোবাইল ফোনে ১ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা তাদের ব্যবহূত মোবাইল নাম্বার ০১৮৪৬১৪৭১৬১ ও ০১৫৫৩৪১৫১৭৬ থেকে ফোন করে দাবিকৃত টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিতে বলে। দাবিকৃত টাকা না দিলে বেলালকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়া হচ্ছে। এ ব্যাপারে অপহূত বেলালের চাচা মোঃ ইলিয়াছ বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। ভুরুঙ্গামারীতে সারা বছর চলে জুয়া ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ যেখানে সারা বছর চলে খোলা প্যান্ডেলে যাত্রা গানের নামে উদাম নৃত্য ও জুয়ার আসর। স্থানীয় প্রশাসন দায়িত্ব এড়িয়ে চলেন। ভারতীয় সীমান্ত ঘেঁষা নাগেশ্বরী উপজেলার এ গ্রামটির নাম ভোমরের কুটি (ঘনআমবাড়ি)। ভোমরের কুটি গ্রামটি নাগেশ্বরী উপজেলাধীন হলেও ফুলকুমর নদী দ্বারা নাগেশ্বরী উপজেলা থেকে বিচ্ছিন্ন এটি। ভুরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের সাথে এ গ্রামের মানুষের যোগাযোগ বেশি। এখানে এলাকার ওমর ফারুক ও জাবেদ আলীর নেতৃত্বে প্রায় বছরব্যাপী চলে খোলা প্যান্ডেলে উদাম নৃত্য আর জুয়ার আসর। এলাকাবাসী অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না। এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি জানান, এ এলাকা আমাদের নয়। ঘাটাইলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ গত রবিবার ঘাটাইল ব্রাহ্মণশাসন এ, ইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা হলেন মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ফজলুল হক, মোঃ তোতা খান ও খন্দকার মোঃ মনির হোসেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ আঃ বাছেদ, মাওলানা মোঃ নোমান ও হেলেনা আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ খোদেজা বেগম এবং দাতা শ্রেণির সদস্য কাজী নজরুল ইসলাম। কসবায় অনলাইনে আয় বিষয়ক কর্মশালা কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \ গত সোমবার ‘লার্নিং এন্ড আর্নিং’ অনলাইনে আয় বিষয়ক ৫ দিনব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূঞা বকুল। যুবশক্তিকে স্বাবলম্বী করার জন্য অনলাইনে অর্থ উপার্জন সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত কর্মশালার সমন্বয়কারী কসবা উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার। শেরপুরে মহিলা অধিদফতরের মানববন্ধন শেরপুর প্রতিনিধি \ ‘নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক’ বিষয়ের উপর মানববন্ধন পালিত হয়েছে শেরপুরে। গত সোমবার অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন নারী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষার্থী-শিক্ষক অংশ নেয়। গোবিন্দগঞ্জে চালের ট্রাকে ফেনসিডিল গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ গত সোমবার চাল বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩শ’ ৪১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ পাচার কাজে জড়িত অভিযোগে ট্রাক এবং ট্রাকের চালক হেলপারসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা দিনাজপুরের কোতয়ালী থানার কোলহাট কসবা গ্রামের বাবুল মিয়া ট্রাকের চালক, নিউটাউন ৭নং ডিপটিপাড়ার আমিনুল ইসলাম হেলপার, রানীপুর গ্রামের সোহরাব আলী হেলপার। থানায় এ ব্যাপারে মামলা হয়েছে। নওগাঁয় পূজা কমিটির সাথে প্রশাসনের মতবিনিময় নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদ ও সদর উপজেলার বিভিন্ন পূজো মন্ডপের নেতৃবৃন্দের সঙ্গে সদর থানা প্রশাসন মতবিনিময় সভা করেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদ উত্সব পালনের লক্ষ্যে সদর থানা অডিটরিয়ামে গত সোমবার এ মতবিনিময় সভা আহ্বান করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিনা আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান পারভিন আখতার, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রমুখ। গাজীরহাট কলেজে নবীন বরণ রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গাজীরহাট ডিগ্রি কলেজে গত সোমবার নবীন বরণ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য গোকুল চন্দ্র গোস্বামী, তবিবর রহমান ও হাসমত আলি, গাজীরহাট হাই স্কুল সভাপতি জাহাঙ্গীর আলম, মীরডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মতিউর রহমান ও অধ্যাপক জয়দেব চন্দ্র রায় প্রমুখ। আদমদীঘিতে মাদক সেবনের দায়ে কারাদণ্ড আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ১ যুবকের কারাদণ্ড দেয়া হয়। পুলিশ জানায়, কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বিনসাড়া গ্রামের নাজমুল সাহাদাতকে (২৮) মাদক সেবনের দায়ে ৩ মাস করে কারাদণ্ড দেয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মনজুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন। ডোমারে ৪ জুয়াড়ির ৭ দিনের জেল ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ ভ্রাম্যমাণ আদালত নীলফামারীর ডোমার উপজেলায় ৪ জুয়াড়িকে ৭ দিনের জেল প্রদান করেছে। গত সোমবার ডোমার থানার এসআই মোকারমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাহিগঞ্জ হাটে এক অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ বাগডোগড়া গ্রামের জাকির হোসেন (১৮), স্বপন বর্মণ (২৫), রাহিম (২৫) ও স্বপন রায়কে (৩০) হাতেনাতে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। সিরাজগঞ্জে প্রতিমা ভাঙচুর সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জ সদর উপজেলার চর রায়পুরের শীতলা মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। পরে জেলা পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের আটক করার আশ্বাস দেয়। পরে সড়ক অবরোধ তুলে নেয়া হয়। রামুতে বিদ্যুত্ স্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামু উপজেলায় বিদ্যুত্ স্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু হয়েছে। নিহত মো. শাহজাহান সিকদার (৩৮) উপজেলার গোয়ালিয়াপালং গ্রামের ওসমান গনি সিকদারের ছেলে। সে খুনিয়াপালং ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির সভাপতি। গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। যৌন হয়রানির দায়ে শিক্ষক বরখাস্ত গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের পূর্ব ধুতিচোরা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে ওই বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমানকে (৫০) সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষক ২৫ সেপ্টেম্বর বিদ্যালয় চলাকালীন সময়ে ওই ছাত্রীকে লাইব্রেরীতে ডেকে নিয়ে যৌন হয়রাণী করে। ব্যাপারটি জানাজানি হলে এলাকাবাসী ও ছাত্র-শিক্ষকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এব্যাপারে ছাত্রীটির বাবা লিখিত অভিযোগ জানানোর পরও কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। পরে সোমবার বিক্ষোভের খবর পেয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জোব্বার ওই বিদ্যালয় পরিদর্শনে যান। ফিরে এসে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।