আজ জাতীয় উত্পাদনশীলতা দিবস

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:২৯
জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্পসহ বিভিন্ন খাতে উত্পাদনশীলতা বাড়াতে আজ ‘জাতীয় উত্পাদনশীলতা দিবস’ উদযাপন করা হবে। এ বছর জাতীয় উত্পাদনশীলতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘উত্পাদনশীলতা বৃদ্ধিই আগামীদিনের সমৃদ্ধি।’ এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হািসবে আজ সকাল ৮টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এর নেতৃত্ব দেবেন। শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহসহ শিল্প মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারীরা এতে অংশ নেবেন। এছাড়া সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম মিলনায়তনে ‘উত্পাদনশীলতা বৃদ্ধিই আগামী দিনের সমৃদ্ধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এ সেমিনার আয়োজন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।