প্রথমে এলটন চিগুম্বুরার ভয়ানক ব্যাটিং এবং পরে আবুল বাশার ও শফিউল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পরশু সোমবার বৃষ্টিতে স্থগিত হয়ে যাওয়া ম্যাচের রিজার্ভ ডেতে গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে তারা ২৮ রানে হারিয়েছে আবাহনী লিমিটেডকে।
শেখ জামালের ২৮৩ রানের বড় লক্ষ্যের পেছনে ধাওয়া করতে নামা আবাহনী ইনিংসের শুরুতেই হারায় আল আমিনের উইকেটটি। তবে দ্বিতীয় উইকেটে ওপেনার শাহরিয়ার নাফিসকে নিয়ে দলকে শক্ত ভিত্তি এনে দেন শ্রীলঙ্গার থারাঙ্গা পারানাভিতানা। তবে এই জুটি শতরান পেরোনোর পরপরই আঘাত হানেন বাশার। তানভীর হায়দারের হাতে ক্যাচ দেয়ার আগে আবাহনী অধিনায়ক ৫২ বল মোকাবিলায় করেন ৪৮ রান। দ্রুতই ইনডিকা ডি শরমকে ফেরানোর পর অল্প সময়ের ব্যবধানে ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক পারানাভিতানাকেও ফেরান বাশার। চারটি চার আর এক ছয়ে ইনিংস সর্বোচ্চ ৫৬ রান আসে এই লঙ্কানের ব্যাট থেকে।
পঞ্চম উইকেটে আরেক শ্রীলঙ্কান তালিনা কানডাম্বি এবং মোসাদ্দেক হোসেনের অর্ধ শতরানের জুটিতে ২০০ পেরোনোর পর আবারো দৃশ্যপটে বাশারের আগমন। তবে এবার বল হাতে নয়, দুর্দান্ত এক থ্রোতে কানডাম্বিকে রান আউট করে দিয়ে আবাহনীকে বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতন হতে থাকলে শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৫৪ রানে অল আউট হয়ে যায় আবাহনী।
দশ ওভার বল করে মাত্র ৩২ রানের বিনিময়ে প্রতিপক্ষের চার টপ অর্ডার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান ম্যাচ সেরা বাশার। অন্যদিকে শফিউলের তিন উইকেট আসে ৫৬ রান খরচায়।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা শেখ জামালকে বড় স্কোরের ভিত্তি গড়ে দেন ওপেনার জহুরুল ইসলাম। ওপেনিংয়ে নেমে তার ৬০ রানের পাশাপাশি দিলশান মুনাবীরার ৪২ এবং জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরার রেকর্ড গড়া ৬৯ রানে নির্ধারিত ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ২৮২।
আবাহনীর পক্ষে আল আমিন চারটি উইকেট দখল করেন। এ জয়ের ফলে পাঁচ খেলায় আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকলো শেখ জামাল। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেট বিবেচনায় তাদের চেয়ে উপরে আছে যথাক্রমে ব্রাদার্স ইউনিয়ন এবং প্রাইম দোলেশ্বর। আর দুই পয়েন্ট নিয়ে আগের অবস্থানেই থাকলো আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী—শেখ জামাল
শেখ জামাল: ৫০ ওভারে ২৮২/১০ (জহুরুল ইসলাম ৬০, দিলশান মুনাবিরা ৪২, এলটন চিগুম্বুরা ৬৯*; আল-আমীন ৪/৩৮, শামসুল আলম বাবু ২/৫২, মোসাদ্দেক হোসেন ২/৪১।)
আবাহনী: ৪৭.৫ ওভারে ২৫৪/১০ (শাহরিয়ার নাফিস ৪৮, থারাঙ্গা পারানাভিতানা ৫৬, মোসাদ্দেক হোসেন ৪৩; সফিউল আলম ৩/৫৬, আবুল বাশার ৪/৩২।)
ম্যান অফ দ্যা ম্যাচ:আবুল বাশার।
শেখ জামাল ২৮ রানে জয়ী।
