জাহিদ বন্দনা

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ১৭:৫৭
জাহিদ হাসান একজন জনপ্রিয় নাট্যাভিনেতা। নব্বই দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন তিনি। নাটক ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও দক্ষতা দেখিয়েছেন। তাই দর্শকরা অনেকই তাকে ‘অভিনয়ের জাদুকর’ বলে সম্বোধন করেন। অভিনয়ের পর নিজের নামের সাথে পরিচালকের তকমাও লাগিয়েছেন সুন্দর ও মানসম্পন্ন নির্মাণের মধ্য দিয়ে। এই গুণী অভিনেতাকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ তিনি একজন আপাদমস্তক অভিনয় শিল্পী। আর তাই যদি না হয়, তাহলে কী করে বছরের পর বছর অভিনয় দিয়ে নিজেকে ধরে রেখেছেন জনপ্রিয়তার একই কক্ষপথে। আচ্ছা, দীর্ঘদিন ধরে আপনার এই যে একইরকম জনপ্রিয়তা—এর গোপন রহস্য কী? শুরুতেই এ রকম কঠিন প্রশ্নে জাহিদ হাসান তার চিরচেনা হাসি উপহার দিয়ে বলেন, ‘আসলে বিষটি তেমন কিছু নয়। আমি সব সময়ই চেষ্টা করেছি আমার কাজটাকে মনেপ্রাণে করতে। তবে এ কথা ঠিক আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই এটা চেয়েছি যে, আমার কাজ যেন অন্যদের সাথে না মিলে। যেমন—আমার কাছে অন্ধ চরিত্রে কাজের একটি স্ক্রিপ্ট এল। আমি যখন সেই চরিত্রে কাজ করব তখন আমার খেয়াল থাকে এই চরিত্রটি এমনভাবে উপস্থাপন করতে যা একটু ব্যতিক্রম মনে হয়। আমরা সচরাচর যে ধরনের অন্ধ মানুষ দেখে অভ্যস্ত, আমি তার বাইরের কিছু দেখাতে চেয়েছি। কাজ নিয়ে আমার এই ভাবনাই হয়তো আমাকে দর্শকদের কাছে এতদিন ধরে সমানভাবে গ্রহণযোগ্য করে রেখেছে। সত্যি বলতে কী, আমি কখনও কাজ ফাঁকি দিয়ে করিনি। আমি বিশ্বাস করি, কেউ যদি তার কাজকে ফাঁকি দেয়, তাহলে সে নির্দিষ্ট একটি সময়ের পর আর টিকে থাকতে পারবে না।’ কাজ নিয়ে জাহিদ হাসানের এই সচেতনতাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সেই বিটিভি থেকে শুরু করে তিনি এখনও দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন। দর্শকের কাছে তার অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়। তার বিখ্যাত কৌতুক চরিত্র ছিল হুমায়ূূন আহমেদ পরিচালিত নাটকে মফিজ নামক একটি পাগলের চরিত্র। জাহিদ হাসান অভিনীত দর্শকনন্দিত নাটকগুলোর মধ্যে রয়েছে—‘মন্ত্রী মহোদয়ের আগমন’, ‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’ ‘গৃহসুখ প্রাইভেট লিমিটেড’, ‘পথের দাবি’, ‘পৌষ ফাগুনের পালা’ প্রভৃতি। জাহিদ হাসান চলচ্চিত্রে তার অভিনয় জীবন শুরু করেন ‘বলবান’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে। এরপর অভিনয় করেন হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘শ্রাবণ মেঘের দিন’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’, মোস্তাফা কামাল রাজের ‘প্রজাপতি’সহ আরও কয়েকটি ছবিতে। একজন সফল অভিনেতার পাশাপাশি পরিচালক হিসেবে জাহিদ হাসান সব সময় দর্শকদের কাছে নিজের কাজটাকে তুলে ধরতে চান একটু ভিন্নভাবে। আর তা এই ভিন্ন পথে হাঁটার চেষ্টা শুরু হয়েছে সেই ছোটবেলা থেকে। এটিএন বাংলায় প্রচারিত জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘হাতের রেখায়’ নাটকটি দর্শকনন্দিত হয়েছে। কিছুদিন আগেই প্রচার শেষ হয়েছে জাহিদ হাসান পরিচালিত ও অভিনীত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘টো টো কোম্পানি’। ধারাবাহিক এ নাটকটি প্রচার শেষ হতে না হতেই নতুন আরেকটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। ইসরাফিল বাবু রচিত ও জাহিদুল ইসলাম জাহিদ পরিচালিত নতুন এই ধারাবাহিকটির নাম ‘সমাজ বিজ্ঞান’। নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘বাচ্চু’ চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। সম্প্রতি নাটকটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে বলে পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ জানিয়েছেন। মানুষ, পরিবার, সামাজিক সংগঠন, মানুষের জীবন প্রণালি নিয়েই ‘সমাজ বিজ্ঞান’ নাটকের কাহিনী আবর্তিত যেখানে জাহিদ হাসানকে দেখা যাবে একজন পরোপকারী চরিত্রে। জনপ্রিয় নাট্যাভিনেতা জাহিদ হাসানের সহকারী পরিচালক হিসেবে বিগত প্রায় পাঁচ বছর যাবত কাজ করছেন জাহিদুল ইসলাম জাহিদ। নাটকের কেন্দ্রীয় চরিত্রে জাহিদ হাসানের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘জাহিদ ভাই যে বহুমাত্রিক একজন অভিনেতা নাটকে আমি দর্শকের কাছে নতুন করে আবারও তা প্রমাণ করব। আশা করি নাটকে জাহিদ ভাইয়ের ভিন্নধর্মী অভিনয় দর্শকের ভালো লাগবে।’ নতুন ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘যারা সত্যিকার অর্থে ভালো মানুষ তাদের আমি সব সময়ই সহযোগিতা করি। জাহিদুল খুব ভালো মনের একজন মানুষ। নির্মাতা হিসেবে সে আরও অনেক ভালো করুক এটাই আমার কামনা। জাহিদুল ভালো করলে আমি তৃপ্ত হবো। যথেষ্ট আন্তরিকতা নিয়েই সে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে।’ নতুন ধারাবাহিক নাটক ‘সমাজ বিজ্ঞান’ চলতি বছরের শেষ দিকে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এ নাটকে জাহিদ হাসানের বিপরীতে আছেন মিমো। জাহিদ হাসান বর্তমানে শামীম জামান পরিচালিত পাঁচ পর্বের ঈদের ধারাবাহিক নাটক ‘ফলস আইটেম’-এর শুটিং করছেন। নাটকটি আগামী ঈদে বৈশাখী টিভিতে প্রচার হবে। জাহিদ হাসান অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিল খ ম হারুন প্রযোজিত ‘শঙ্কিত পদযাত্রা’। বিটিভিতে প্রচারিত এই নাটকে তার বিপরীতে ছিলেন বিপাশা হায়াত। তার পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’। মানুষ কি শুধু স্বপ্ন দেখে? গাছপালা, পশু-পাখি মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে পারে। তারা কীভাবে মানুষকে নিয়ে এরকম নানা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে স্বপ্ন ধরার যন্ত্র আবিষ্কার করে ফেলেন জাহিদ হাসান। তবে ঘটনাটি বাস্তবে নয়। দেখা যাবে আসছে ঈদের একটি নাটকে। ‘স্বপ্ন দৃশ্য’ নামে নাটকে একজন বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। শুধু তাই নয়, নাটকটি নির্মাণও করেছেন তিনি। আর এ নাটকটি লিখেছেন গোলাম রাব্বানী। এতে জাহিদ হাসানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ফারাহ রুমা। সমপ্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। এ নাটকে অভিনয় করা নিয়ে জাহিদ হাসান বলেন, ‘এবার ঈদে আমি চেয়েছিলাম একটু ব্যতিক্রম গল্প নিয়ে কাজ করতে। এটি খুবই চমত্কার একটি গল্প। এ নাটকে আমাকে দর্শক নতুনভাবে দেখতে পাবেন। এ নাটকে আমি একই সঙ্গে দুটি চরিত্রে অভিনয় করব। চেষ্টা করেছি ভালো একটি নাটক বানাতে। ভালো-মন্দের বিচার করবে দর্শক।’ আসছে ঈদে নাটকটি এনটিভিতে প্রচারের কথা রয়েছে।