টিভি মুখ
অভিনয় ও মডেলিং দুই মাধ্যমেই সমান গতিতে এগিয়ে চলেছেন শান্তা। তার স্বপ্ন একজন বড় অভিনেত্রী হওয়া। বর্তমানে বিভিন্ন চ্যানেলে তার পাঁচটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এই সম্ভাবনাময়ীকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ
সত্ মনোভাব নিয়ে স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করলে একজন মানুষের সফলতা আসবেই—এই বিশ্বাস নিয়ে পথ চলছেন মডেল-অভিনেত্রী শান্তা। তার অভিনয়ের হাতেখড়ি মঞ্চে। ২০০৮ সালে তিনি লোকনাট্যদলে যোগ দেন। কিছুদিন পর টিভি নাটকে অভিনয় শুরু করেন। অভিনয় করেছেন আতিকুল হক চৌধুরী, সালাহউদ্দীন লাভলু, কায়সার আহমেদ, সকাল আহমেদ, অম্লান বিশ্বাস, মেজবাউর রহমান সুমন, দেবাশিষ বড়ুয়া দীপ, মাসুদুল হাসান রনি, সুমন আনোয়ারসহ আরও অনেকের পরিচালনায়। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো— ‘টুনটুনি ভিলা’, ‘একে শূন্যে দশ’, ‘যাও পাখি’, ‘কালো ছায়া’, ‘মন রঙিলা’, ‘কোরবানি ডটকম’, ‘পুরুষ আশ্রম’, ‘ডেমকেয়ার নাজিমুদ্দীন’, ‘শেষ বিকেলের বাঁশি’, ‘নন্দিনী উপাখ্যান’, ‘মানুষ খুঁজছি মানুষ’, ‘ঘোর নারী সংকট’, ‘ফিরে ফিরে আসি’, ‘দিবানিশি’, ‘ঘটক পাখি ভাই’, ‘সফর আলী বিএ ফেল’, ‘তোমার দোয়ায় ভালো আছি মা’, ‘কালোছায়া’ প্রভৃতি। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংও করছেন বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে সাবলীলভাবে। এগুলো হলো—‘রাঁধুনী গুঁড়া মসলা’, ‘মেরিল বেবী লোশন’, ‘গ্রামীণ ফোন’, ‘লাক্স’, ‘সিঙ্গার’, ‘অ্যাপেক্স’ প্রভৃতি। আর এসব বিজ্ঞাপন নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক, ইফতেখার ফাহমি, শরাফ আহমেদ জীবনসহ গুণী নির্মাতারা। বর্তমানে বিভিন্ন চ্যানেলে তার পাঁচটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এগুলো হলো—বাংলাভিশনে এসএহক অলীকের পরিচালনায় ‘লেডিস ফার্স্ট’, একুশে টেলিভিশনে কায়সার আহমেদের ‘চতুরঙ্গ’, এনটিভিতে অম্লান বিশ্বাসের ‘শান্তি নিলয়’, চ্যানেল নাইনে অঞ্জন আইচের ‘চন্দ্রাবতী’ ও মাইটিভিতে মইন খানের ‘কনফিউশন’। সবগুলো নাটকেই তিনি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে ‘চতুরঙ্গ’ নাটকে তিনি গ্রামের চোরের বউয়ের ভূমিকায় সাবলীল অভিনয় করেছেন। সেইসাথে ‘চন্দ্রাবতী’ নাটকে একজন হুজুরের স্ত্রীর চরিত্রে সুন্দর অভিনয় করে আলোচনায় এসেছেন। মডেলিং না অভিনয় কোনটি আপনার পছন্দের—এমন প্রশ্নের জবাবে শান্তা বলেন, ‘মডেলিং আমাকে চুম্বকের মতো টানে আর অভিনয় হলো ভালোবাসা। ভবিষ্যতে একজন ভালো অভিনেত্রী হতে চাই।’ তিনি বলেন, ‘আমার কাজে পরিবারের থেকে অনেক উত্সাহ ও সহযোগিতা পেয়েছি। সেজন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। পরিবারের সহযোগিতা ছাড়া মিডিয়াতে কাজ করা অনেক কঠিন। আর আমার প্রতি তাদেরও একটা আস্থা আছে। তারা ভালোভাবেই জানেন তাদের মেয়ে এমন কিছু করবে না যাতে তারা মনে কষ্ট পান।’ শান্তা বর্তমানে এমবিএ করছেন। অভিনয় ছাড়া তিনি এরইমধ্যে উপস্থাপনাতেও নাম লিখিয়েছেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ট্র্যাভেল শো ‘দেশ দেশান্তর’-এর নিয়মিত উপস্থাপনা করছেন। চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা প্রসঙ্গে শান্তা বলেন, ‘ইচ্ছে অবশ্যই আছে। তবে মানসম্পন্ন চলচ্চিত্রে অভিনয় করতে চাই। কেননা চলচ্চিত্র একটি বিশাল মাধ্যম, এখানে কাজের মাত্রাটাও অন্যরকম। তাই ভালো গল্প ও পরিচালকের সাথে কাজ করার অফার পেলে সানন্দেই তা গ্রহণ করব। আমি অভিনয়শিল্পী হিসেবে দর্শকহূদয়ে বেঁচে থাকতে চাই সারাটি জীবন।’
