বলিউডে একেবারেই নতুন নন পল্লবী সারদা। শো-বিজে পা রেখেছেন কয়েকবছর তো হয়ে গেছে। কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু ছবিগুলো খুব বেশি সংখ্যক দর্শক না দেখায় এবং তার অভিনীত চরিত্রগুলো তেমনভাবে সাড়া জাগাতে না পারায় অনেকটাই অপরিচিত রয়ে গেছেন তিনি। সেই অপরিচিত পল্লবী এবার রণবীর কাপুরের নায়িকা হয়ে আসছেন। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে রণবীর কাপুর-পল্লবী সারদা জুটির ‘বেশরম’ ছবিটি। মুক্তির আগেই ‘বেশরম’ ছবির নায়িকা হিসেবে তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অনেক কৌতূহলের কেন্দ্রবিন্দু হওয়া নতুন মেধাবী সম্ভাবনাময় নায়িকাটিকে নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
রণবীর কাপুরের সঙ্গে অপরিচিত সুন্দরী নতুন মেয়েটি কে? মুক্তিপ্রতীক্ষিত ‘বেশরম’ ছবির নাচ গানের দৃশ্য দেখতে দেখতে অনেক দর্শক আজকাল এ প্রশ্ন করছেন। সাধারণত এতদিন রণবীরের পাশে সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, ইলিয়ানা ডি ক্রুজদের মতো জনপ্রিয় নায়িকাদের দেখে আসছেন সবাই। যদিও ‘রকস্টার’-এ রণবীরের নায়িকা ছিলেন নতুন মুখ নার্গিস ফখরি। তবে পর্দায় রণবীরের সঙ্গে উপস্থিত হওয়ার আগে নানাভাবে নানা কারণে নার্গিস ফখরি পরিচিতি লাভ করেছিলেন। ‘দাবাঙ’ খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ তার দ্বিতীয় ছবি ‘বেশরম’-এ যখন হালের ‘হিট মেশিন’ হিসেবে খ্যাত নায়ক রণবীর কাপুরের সঙ্গে নায়িকা হিসেবে সবার কাছে অনেকটা অচেনা পল্লবী সারদাকে কাস্ট করেন তখন তেমন হাঁকডাক হয়নি। তবে বিষয়টি যারা জেনেছিলেন তারা কিছুটা ভ্রু কুঁচকে ছিলেন। তাদের ভাবখানা ছিল এ রকম—রণবীরের পাশে নায়িকা হিসেবে কাজ করছে মেয়েটি, আগে তো তাকে দেখিনি, তাকে নিয়ে মিডিয়াতেও তেমন আলোচনা হয়নি, সে কি রণবীরের নায়িকা হওয়ার যোগ্য? শুরুতে ‘বেশরম’ ছবির শুটিংয়ের সময় রণবীর কাপুরও তার নতুন নায়িকা পল্লবী সম্পর্কে কিছুটা অবমূল্যায়ন করেছিলেন। কিছুদিন অবজ্ঞা, অবহেলাও করেছিলেন। শুটিংয়ের সময় পল্লবীর কাছ থেকে অনেক দূরত্ব বজায় রেখেছেন, প্রয়োজনের বাইরে অভিনয় ছাড়া আর তেমন কথাবার্তা হতো না দুজনের মধ্যে। পল্লবীও সেটের এক কোণে চুপচাপ বসে থাকতেন। এ নিয়ে পল্লবীর মনে হতাশা ও ক্ষোভ জাগলেও তিনি তা প্রকাশ করেননি।
অনেকের কাছে অচেনা, অপরিচিত মনে হলেও পল্লবী সারদা বলিউডে পা রেখেছেন আরও কয়েক বছর আগে। করণ জোহর পরিচালিত শাহরুখ খান অভিনীত ‘মাই মে ইজ খান’ ছবিতে ছোট্ট একটি রোলে প্রথম অভিনয় করেন তিনি। ২০১০-এ অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস ইন্ডিয়া’ অস্ট্রেলিয়া শিরোপা জয় করেন তিনি। একই বছরে মুক্তিপ্রাপ্ত কমেডি ছবি ‘দশ তোলা’য় পল্লবীকে মনোজ বাজপেয়ীর বিপরীতে গ্রামের নাচের শিক্ষক গীতা চরিত্রে দেখা যায়। ছবিটি বক্স অফিসে সাড়া জাগাতে না পারলেও সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল পল্লবীর অভিনয় ও নাচ। এরপর ইন্দো আমেরিকান ছবি ‘ওয়াকঅন’-এ দেখা যায় তাকে। বলিউডের ‘লাভ ব্রেক আপস জিন্দেগি’ ছবিতে দিয়া মির্জা, জায়েদ খানদের সাথে অভিনয় করেছেন পল্লবী একটি বিশেষ চরিত্রে। গত বছর ‘হিরোইন’ ছবিতেও তাকে দেখা গেছে। এ বছর ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে পল্লবী সারদা অভিনীত প্রথম অস্ট্রেলিয়ান মুভি ‘সেভ ইয়্যুর লেগস’। গত কয়েক বছরে এতগুলো সিনেমায় অভিনয় করেও পল্লবী মিডিয়ার আড়ালে রয়ে গেছেন। তাকে নিয়ে তেমন আলোচনা হয়নি বলিউডে। ফলে তার তেমন পরিচিতি ছড়িয়ে পড়েনি। বলতে গেলে ফ্রেশ ফেস হিসেবে বিবেচিত হচ্ছেন বেশিরভাগ দর্শকের কাছে।
অস্ট্রেলিয়ার পার্থে জন্ম পল্লবী সারদার। বাবা-মা দু’জনেই অস্ট্রেলিয়া প্রবাসী তার জন্মের আগে থেকেই। কম্পিউটার সায়েন্সের শিক্ষক এবং পিএইচডিধারী বাবা-মায়ের সন্তান পল্লবী বড় হয়েছেন মেলবোর্নে। ১৯৮০ সাল থেকে পরিবারটি অস্ট্রেলিয়ায় থাকলেও ভারতীয় সংস্কৃতি চর্চা ছিল তাদের মধ্যে। ছোটবেলা থেকে পড়াশোনায় অনেক ভালো ফলাফল করে আসছেন পল্লবী। হাইস্কুলে পড়ার সময়ে ডাবল প্রমোশন পেয়েছিলেন, ভার্সিটি জীবনেও তা অব্যাহত ছিল। ৬ বছরের কোর্স ৫ বছরে কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েশনের সময়। পড়াশোনা করেছেন আইন ও মিডিয়া কমিউনিকেশন বিষয় নিয়ে। মেধাবী ছাত্রী হলেও খুব ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ে আগ্রহ তার। বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে সিনেমায় দেখা নায়িকাদের অনুকরণে নাচতেন, অভিনয় করতেন। যা দেখে মা তাকে নাচের স্কুলে ভর্তি করে দেন। খুব কম সময়ের মধ্যে দক্ষিণ ভারতীয় ক্লাসিক নাচ, ভরত নাট্যম রপ্ত করে সবাইকে অবাক করেছিলেন। বড় হয়ে বিখ্যাত কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের নির্দেশনায় মঞ্চে নৃত্যনাট্য ‘তাজ এক্সপ্রেস’-এ নায়িকা হিসেবে পারফর্ম করেছেন একটানা দুই বছর। সেই নাচের অভিজ্ঞতা সিনেমায় এখন কাজে লাগাচ্ছেন তিনি।
বলিউডের বাণিজ্যিক ধারার মাসালা মুভিতে পল্লবীর অভিষেক মূলত ‘বেশরম’ ছবির মাধ্যমে। এ ছবিতে তার চটুল অঙ্গভঙ্গির নাচ গানের দৃশ্যে সহজ সাবলীল অভিনয় দেখে কোনোভাবেই মনে হয় না এ ধরনের হিন্দি ছবিতে এটাই তার প্রথম অভিনয়। ধারণা করা যায়, ‘বেশরম’ ছবিটি বেশ ভালো ব্যবসা করবে রণবীর কাপুরের সাম্প্রতিক অন্যান্য সুপারডুপার হিট ছবির মতো। পড়াশোনায় পল্লবী যেমন মেধাবী ছিলেন, অভিনয় করতে এসেও তেমন মেধার প্রমাণ দিয়েছেন। ‘বেশরম’ ছবির নাচ-গানের দৃশ্যগুলোর শুটিংয়ের আগে তাকে খুব বেশি প্র্যাকটিস করতে হয়নি। অল্প সময়েই সবকিছু রপ্ত করে ফেলেছেন। ছবিটি মুক্তির পর রণবীরের নতুন নায়িকা হিসেবে দর্শক তাকে বিশেষভাবে মূল্যায়ন করবে—এটা নিশ্চিত করে বলে দেওয়া যায়। কিংবদন্তি তারকা অভিনেতা রাজকাপুরের ভক্ত পল্লবী, অবসরে সুযোগ পেলেই রাজকাপুর অভিনীত ছবিগুলো ভিডিওতে কিংবা টিভিতে দেখেন। সেই কিংবদন্তি অভিনেতার নাতি রণবীর কাপুরের সঙ্গে পর্দা জুটি বেঁধে ‘বেশরম’ ছবিটি করতে গিয়ে ভিন্ন এক অনুভূতিতে আচ্ছন্ন ছিলেন।
‘বেশরম’ মুক্তির আগেই একটি পিরিয়ড ড্রামা মুভিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পল্লবী সারদা। ব্রিটিশ শাসন আমলে ভারতের পটভূমিকায় নির্মিতব্য ছবিটিতে পল্লবী এক মহরাষ্ট্রীয় তরুণীর ভূমিকায় অভিনয় করছেন, যার সঙ্গে এক ব্রিটিশ যুবকের প্রেম দেখানো হবে। বিভু পুরি পরিচালিত নাম ঠিক না হওয়া ছবিটিতে তার বিপরীতে নায়ক চরিত্রে রূপদান করছেন আয়ুষ্মান খুরানা।
