এবার জামাই পাগল
গত ঈদে বাংলাভিশনে সালাহউদ্দিন লাভলু পরিচালিত ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘জামাই আদর’ প্রচারিত হয়। নাটকটি দর্শকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় দর্শকের অনুরোধে একই শিল্পীদের নিয়ে এবার সালাহউদ্দিন লাভলু ‘জামাই আদর’-এর সিক্যুয়াল হিসেবে নির্মাণ করছেন ‘জামাই পাগল’ নাটকটি। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। এর আগে এই নাটকে যারা অভিনয় করেছিলেন তারা প্রত্যেকেই থাকছেন ‘জামাই পাগল’ নাটকে। সিক্যুয়াল নির্মাণ প্রসঙ্গে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘গত ঈদে আমার পরিচালিত ‘জামাই আদর’-এর ব্যাপক দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করেই এবার ‘জামাই পাগল’ নামে সিক্যুয়াল নির্মাণ করছি। আশা করি জামাই পাগলও দর্শকের কাছে অনেক ভালো লাগবে।’
সাব্বিরের কেরামতি
ছোটপর্দার ব্যস্ততম অভিনেতা মীর সাব্বির এবার ভিন্ন একটি চরিত্রে অভিনয় করলেন। লিটু করিম রচনা ও পরিচালনায় ‘কেরামতের কেরামতি’ নাটকে তাকে দর্শকরা দেখতে পাবেন। এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। মীর সাব্বির বলেন, ‘ভালো গল্প ভালো নাটক দর্শকের কাছে যেমন দর্শকপ্রিয়তা পাবেই, ‘কেরামতের কেরামতি’ও ঠিক তেমনি একটি নাটক; যে নাটকে কাজ করে আমি তৃপ্ত।’ কোরবানির ঈদের চতুর্থদিন নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।
ঈদের নাটকে
আসছে ঈদের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা কেয়া। সজল আহমদে রচিত ও মিনহাজুল ইসলাম পরিচালিত এক খণ্ডের নাটক ‘অতৃপ্ত বাসনা’-তে দর্শকরা তাকে দেখতে পাবেন। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক সম্রাট। নাটক প্রসঙ্গে কেয়া বলেন, ‘আমি চলচ্চিত্রেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে ভালো গল্প হলে নাটক, টেলিফিল্মে কাজ করি। এর আগে আমি ছোটপর্দার জন্য দুটি টেলিফিল্মে কাজ করেছি। সম্রাটের সাথে আমার কাজের বোঝাপড়াটা অনেক চমত্কার। ‘অতৃপ্ত বাসনা’তে দর্শক তা দেখতে পাবেন।’ আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।
এবার পঞ্চপ্রেমিকে
অভিনয়ে হাতেখড়ি তার মঞ্চে। নোয়াখালী লক্ষ্মী নারায়ণপুর থিয়েটারে দীর্ঘ আট বছর কাজ করার পর রেজাউল করিম ঢাকার মঞ্চে পা রাখেন। ঢাকা মঞ্চ থিয়েটারে একের পর এক আলোচিত নাটকে অভিনয় করে রেজাউল করিম নিজের অবস্থানকে করে তোলেন অনেকটাই দৃঢ়। ২০০৭ সালে ‘রোদ বৃষ্টির শহরে’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে প্রথম টেলিভিশনে হাজির হন রেজাউল। বর্তমানে তার অভিনীত সাতটি ধারাবাহিক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে। ‘পঞ্চ প্রেমিক’ ধারাবাহিকে গোল্লা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন রেজাউল করিম।
আগামীকাল মুক্তি পাচ্ছে ‘উধাও’
অমিত আশরাফ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘উধাও’ এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ২০টি আন্তর্জাতিক উত্সবে অংশ নিয়েছে। ছবিটি এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। আগামীকাল ছবিটি মুক্তি পাবে ঢাকার স্টার সিনেপ্লে¬ক্স ও বলাকা সিনেওয়ার্ল্ডে। তবে আগামী কয়েকদিনের মধ্যে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়তে পারে। কাজী হাউস প্রোডাকশন্সের ব্যানারে চলচ্চিত্রটির পরিচালক অমিত আশরাফ, প্রযোজক সুমন আরেফিন, শিল্প নির্দেশক মো. শাহাবুদ্দীন, অভিনেতা শাকিল আহমেদ, শাহেদ আলী, অনিমেষ আইচ, ঋতু সাত্তার, নওশাবা আহমেদ, শাহীন আক্তার স্বর্ণা, সাইফুল ইসলাম ও ইথিলা ইসলাম প্রমুখ। অমিত আশরাফ বলেন, ‘শহরে প্রায়ই গা ঢাকা দেয় কিছু মানুষ। একদিন বাবু শহরের একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তিকে অপহরণ করে। এসব নিয়েই এগিয়ে যায় ছবিটির গল্প।’
