রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় গত কয়েকদিন ধরে দেশের শেয়ারবাজারে টানা দরপতনের পর গতকাল বুধবার কিছুটা দর বেড়েছে। এদিন শেয়ারবাজারের বেশিরবাগ কোম্পানির দর বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর। এদিকে সূচক বাড়লেও লেনদেন খরা কাটেনি। গতকালও লেনদেন হয়েছে তিনশ’ কোটি টাকার নিচে।
আইডিএলসি’র দৈনন্দিন বিশ্লেষণে বলা হয়েছে, কয়েকদিনের টানা দরপতনের ফলে কিছু শেয়ার নিম্ন দামে চলে এসেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে এসব শেয়ার কেনার কিছুটা আগ্রহ তৈরি হয়েছে। যা বাজারের সূচক বৃদ্ধিতে অবদান রেখেছে। এদিকে গতকাল বাজারে ক্ষুদ্র মূলধনী কোম্পানিগুলোর দর বেড়েছে প্রায় ২.৩৬ শতাংশ। লেনদেনের ক্ষেত্রে পোশাক খাতের প্রাধান্য গতকালও বজায় ছিল। এদিন মোট লেনদেনের প্রায় ২১ শতাংশ হয়েছে এ খাত ঘিরে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৬৩ লাখ ২৭ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ১১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের।
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির ৩(রাইট):৫ অনুপাতে রাইট শেয়ার অনুমোদন করেছে। অর্থাত্ বিনিয়োগকারীরা ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার পাবেন। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
ডিএসই জানিয়েছে, গতকাল বুধবার লেনদেনের শুরুতে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করায় ইমাম বাটন এবং মেঘনা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন স্থগিত করা হয়। এদিন ইমাম বাটনের শেয়ার দর ১.২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে আর মেঘনার শেয়ার দর ০.৯০ টাকা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে। এদিকে ইমাম বাটন কর্তৃপক্ষ দ্বিতীয়বারের মতো জানিয়েছে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার মতো অপ্রকাশিত কোন তথ্য নেই।
