উঃ কোরিয়াকে ঠেকাতে দঃ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২০:২৫
উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নতুন একটি কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছে। এক যৌথ বিবৃতিতে বলা হয়, বুধবার স্বাক্ষরিত চুক্তির লক্ষ্য এখনই কিংবা যুদ্ধকালে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় দেশ দু’টির মধ্যে কৌশলগত কাঠামোর মধ্যে সামরিক জোট তৈরি করা। চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল স্বাক্ষর করেন। তিনি দক্ষিণ কোরিয়াকে প্রচলিত ও পরমাণু উভয় ক্ষেত্রে তাদের সাধ্যমতো সামরিক সহায়তা দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, নতুন চুক্তির মধ্যদিয়ে উত্তর কোরিয়ার রাসায়নিকসহ সকল গণবিধ্বংসী অস্ত্র মোকাবেলা সম্ভব হবে। তবে নতুন চুক্তিতে কি কি রয়েছে তা সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।