পাকিস্তানে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা অনিশ্চয়তায়

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২০:২৫
পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলো তিন সপ্তাহ আগে দেশের তালেবান জঙ্গিদের সঙ্গে আলোচনার বিষয়টি সমর্থন করে। কিন্তু এরই মধ্যে একের পর এক রক্তক্ষয়ী হামলায় শান্তি আলোচনার পরিকল্পনা গভীর সংকটে পড়েছে। -খবর বাসসের সপ্তাহ ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে ৩টি বড় ধরনের বোমা হামলায় ১৪২ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ফলে এসব হামলায় স্থানীয় জনগণের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ। পেশোয়ারের স্থানীয় এক দোকানী গুল মোহাম্মদ বলেন, সরকার কেন তালেবানের বিরুদ্ধে সামরিক হামলা চালাচ্ছে না এটাই আমার প্রশ্ন। এদিকে জঙ্গিদের প্রধান গ্রুপ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এসব হামলার কথা অস্বীকার করে শান্তি আলোচনা নিয়ে তাদের মধ্যে সৃষ্ট বিভক্তির আভাস দিয়েছে। পাকিস্তান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা সাধারণত সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। কিন্তু সামপ্রতিক হামলাগুলোর ধরনে মনে করা হচ্ছে, প্রস্তাবিত শান্তি আলোচনা ভেস্তে দেয়াই এসব হামলার লক্ষ্য। একজন তালেবান কমান্ডার বলেন, তাদের মধ্যে একাধিক বিষয়ে মতানৈক্য রয়েছে। আপনারা জানেন, সরকারের প্রস্তাবিত শান্তি আলোচনাকে স্বাগত জানানোয় পাঞ্জাব প্রদেশের জঙ্গি কমান্ডার ইসমাতুল্লাহ মুয়াবিয়াকে বরখাস্ত করা হয়েছে। আল-কায়েদার সঙ্গে বেশি ঘনিষ্ঠ কট্টরপন্থী জঙ্গিরা টিটিপির চেয়ে অধিক সামপ্রদায়িক ও পশ্চিমাবিরোধী। তারা মূলত এ শান্তি আলোচনা চায় না। তবে অপর এক জঙ্গি সূত্র বলছে, নিরাপত্তা বাহিনী আলোচনার জন্য কিছু জঙ্গিদের নির্বাচিত করায় অন্যরা সহিংসতার মাধ্যমে চাপ সৃষ্টি করতে চাচ্ছে।