সংবাদপত্র শিল্পের কাগজ আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক কমাতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। চিঠিতে এ শিল্পের কাগজ আমদানি শুল্ক কমাতে এনবিআরকে করণীয় ঠিক করতে বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে সংবাদপত্র শিল্পের কাগজ আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ হারে আমদানি শুল্ক প্রযোজ্য রয়েছে। এটি ৫ শতাংশে নামিয়ে আনার জন্য তথ্য মন্ত্রণায়ের সুপারিশ রয়েছে। এর আগে মন্ত্রিসভা কমিটিও শুল্ক ৫০ শতাংশ কমানোর সুপারিশ করে।
চলতি বাজেটের আগে সংবাদপত্রের কাগজ আমদানির শুল্ক ছিল ৩ শতাংশ। গত বাজেট প্রস্তাবে এটি ২৫ শতাংশ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী। পরবর্তীতে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের দাবির পরিপ্রেক্ষিতে এটি ১০ শতাংশে নামিয়ে আনা হয়। বর্তমানে সব মিলিয়ে এই কাগজ আমদানির ক্ষেত্রে ৩০ শতাংশ শুল্ক কর পরিশোধ করতে হয়। এর মধ্যে ১০ শতাংশ শুল্ক ছাড়াও ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম কর (এআইটি) পরিশোধ করতে হয়।
গত ১১ সেপ্টেম্বর সংবাদপত্রে কর্মরত কর্মীদের জন্য ৮ম মজুরি বোর্ড রোয়েদাদ ঘোষণা করে। এতে মজুরি ৭৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়া হয়। এটি বাস্তবায়ন করার শর্ত হিসেবে নোয়াব আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানায়। তাদের পক্ষ থেকে বলা হয়, অন্যথায় এ শিল্প সংকটের মুখে পড়বে।
