ছায়ানটের শরত্ উত্সব কাল

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:২১
বৃষ্টিভেজা মাটির গন্ধের সাথে শিউলির সৌরভ নিয়ে বাংলার স্নিগ্ধতা ছড়ানো ঋতু- শরত্। ঝকঝকে নীলাকাশ আর শ্বেতশুভ্র মেঘ যেন দূরে ঠেলে দেয় অন্তরের যা কিছু কালো, যা কিছু আঁধার। শরতের নরম আলোর সকালে মনে আনন্দ জাগাবার অবকাশ খুঁজে নিয়েছে ছায়ানট। আর সেজন্যই প্রতিবছরের ন্যায় এবারো শরতকে উদযাপন করবেন ঐহিত্যবাহী সংগঠনটি। আগামীকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে শরত্ উত্সব। এ উপলক্ষে মঙ্গলবার ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সাংবাকিদ সম্মেলনে এ উত্সব সম্পর্কে আলোকপাত করেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। এতে আরো উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী কর্মকর্তা সিদ্দিক বেলাল ও অনিন্দ্য রহমান।