উখিয়ার রেজু খালে ব্রিজ না থাকায় দুর্ভোগ

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৪১
উখিয়া সীমান্ত এলাকায় রেজু আমতলী খালের ওপর একটি ব্রিজের অভাবে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ ৪ দশক ধরে যাতায়াতের ক্ষেত্রে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। রেজু খালের এপার ওপারে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি, গর্জনবনিয়া, উত্তর ঘুমধুম, বিজিবি ক্যাম্প ও উখিয়া উপজেলার তুলাতুলী, পূর্ব ডেইলপাড়া, পূর্ব দরগাহ বিল, বাগানপাড়া, লম্বাঘোনা ও টাইপালংসহ ১০ গ্রামের হাজারো মানুষ ও স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীদের রেজু খাল পারাপার হয়ে লেখাপড়া করতে হয়। গত কয়েক বছরে বর্ষাকালে স্কুলে যাওয়ার সময় খরস্রোতা খালে পড়ে অনেক কোমলমতি শিশুর প্রাণপ্রদীপ নিভে গেছে। ফলে বর্ষাকালে ১০ গ্রামের স্কুলগামী শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ থাকে। অনেক সংসদ সদস্য নির্বাচনের সময় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিলেও পরে আর কেউ প্রতিশ্রুতি রক্ষা করেনি। চাকমাপাড়া গ্রামের থোয়াইছাচিং কারবারি জানান, পাহাড়ী জনপদে উত্পাদিত তরি-তরকারি বাজারজাত করে এখানকার আদিবাসীরা জীবনধারণ করে। শুষ্ক মৌসুমে কোনভাবে রেজু খাল পার হওয়া গেলেও বর্ষায় স্রোতের কারণে যোগাযোগ বন্ধ থাকায় অর্থ সংকটে অনাহারে, অর্ধাহারে দিন কাটাতে হয়। আমতলী বিজিবি ক্যাম্পের সুবেদার সোহরাব হোসেন জানান, এ এলাকার জন্য রেজু আমতলী খালের ওপর একটি ব্রিজ নির্মাণ অতি জরুরি হয়ে পড়েছে। রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, তার ব্যক্তিগত অর্থায়নে উক্ত খালের উপর একটি কাঠের সেতু নির্মাণ করে দেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. জামালউদ্দিন জানান, এ খালের ওপর ব্রিজ নির্মাণ করতে অনেক অর্থের প্রয়োজন। বার বার স্থগিত করা হচ্ছে। তবে ব্রিজ নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।