মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কুমিল্লার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের পরিকোট বেইলী ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন মালবাহী ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, পিকআপ যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সেতুটি দিয়ে যাতায়াত করচ্ছে। বর্তমানে সেতুটির দু’পাশের প্রবেশপথসহ বিভিন্ন স্থানে স্টীলের পাটাতন উঠে যাওয়ায় ছোট-বড় যানবাহনগুলো মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। লাকসাম, চৌদ্দগ্রাম এবং নাঙ্গলকোটের জনগণের জন্য গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে অত্রাঞ্চলের ছোট-বড় যানবাহনসহ মালবাহী ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, পিকআপ ভ্যান এবং যাত্রীবাহী বাস নিয়মিত যাতায়াত করে। বেইলী সেতুটি অত্যধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতিমধ্যে কুমিল্লা সওজ সেতু দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধকরণ নোটিস দিয়েছে।
সওজ সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ বেইলী সেতুটি মেরামত করতে হলে সেতুর নিচে ষ্টেজিং করে সম্পূর্ণ বেইলী সেতুটিকে উপরে উঠিয়ে মেরামত করতে হবে। বর্তমানে বেইলী সেতুর নিচে পানির স্রোতসহ অধিক উচ্চতার পানি থাকায় ষ্টেজ নির্মাণ সম্ভব হচ্ছে না। তাই বেইলী সেতুটি মেরামতে শুকনো মওসুম পর্যন্ত সময় লাগবে।
