তিন স্থানে তিনজন খুন

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৪৪
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) জেলার হরিণাকুণ্ডু উপজেলায় দখলপুর গ্রামে গতকাল বুধবার ভোরে আকবার আলীর ছেলে মো. ইজাল উদ্দীনকে (৪০) এক দল অস্ত্রধারী সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। হরিণাকুণ্ডু থানার ওসি মো. মহিবুল ইসলাম জানান, সামাজিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। সাতকানিয়া (চট্টগ্রাম) সাতকানিয়ায় চুড়ামনি কলাবন্যা এলাকায় গত মঙ্গলবার টর্চ লাইট চুরির অভিযোগে রহিম উল্লাহ (২০) নামে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত রহিম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকার হামিদ উল্লাহ্’র ছেলে। স্থানীয় ওসমানের খামারে রহিম দীর্ঘদিন কাজ করে ২০ হাজার টাকা পাওনা হয়। টাকা চাইতে গেলে ওসমান টালবাহানা করে। একপর্যায়ে টাকা না দিয়ে উল্টো রহিমকে বেদম মারধর করে হাত পা বেঁধে ঝোপের মধ্যে ফেলে রাখে। এলাকাবাসী জানায়, ওসমান টাকা না দেয়ার জন্য রহিমকে টর্চ চুরির মিথ্যা অপবাধ দিয়ে মারধর করে হত্যা করে। রামগঞ্জ (লক্ষ্মীপুর) রামগঞ্জ উপজেলার হিরাপুর গ্রামে গত মঙ্গলবার বিকালে শ্বশুর বাড়িতে হাফিজ আহম্মেদ (৩৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃতের বাবা আব্দুল মতিন রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ লাশ লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মধ্যপাড়া মিজিবাড়ির আব্দুল মতিনের ছেলে হাফিজ আহম্মেদের সাথে হিরাপুর গ্রামের রহমত উল্লাহর মেয়ে শারমিনের প্রেমের এক পর্যায়ে গত বছর বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাফিজের সাথে তার শ্বশুর বাড়ির লোকজনের সাথে সম্পর্কে ভাটা পড়ে।