বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজে ক্লাস বর্জন

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৪৬
এক শিক্ষককে চাকরিচ্যুত করার প্রতিবাদে গত মঙ্গলবার বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। এই আন্দোলনে সমর্থন দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে যোগ দেন ওই কলেজের অভিভাবক ফোরাম। কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক জিয়াউল ইসলাম জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ২০০৯ সাল থেকে শিক্ষকরা আন্দোলন করে আসছিল। সমপ্রতি কলেজের নির্বাহী ও পরিচালনা পরিষদের সভায় বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়। সেইসাথে আন্দোলনে অংশ নেয়া শিক্ষকদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও সিদ্ধান্ত হয়। এ আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষকরা নিয়মিত ক্লাস ও পরীক্ষা গ্রহণ করে আসছিলেন। ১ অক্টোবর শিক্ষকদের এসব দাবি নিয়ে আলোচনার কথা থাকলেও সোমবার হঠাত্ করেই মাসউদ করিম নামের সহকারী শিক্ষককে বরখাস্ত করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির সকল শিক্ষক ক্লাস বর্জন করে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। অভিভাবকরাও শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করে সেখানে যোগ দেন।