শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাহেবেরচর গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দশ ভরি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুটে নিয়ে গেছে ডাকাতরা। এসময় ডাকাতদের অস্ত্রের আঘাতে একই পরিবারের ৪জনসহ ৮ জন আহত হয়েছে।
নড়িয়া থানা পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার রাতে ২০-২৫ জনের একটি ডাকাত দল অস্ত্র শস্ত্র নিয়ে সাহেবেরচর গ্রামের আক্কাস খানের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে।
পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে আক্কাস খান, তার স্ত্রী রুমা বেগম, ছেলে রাসেল খান, ও ভাই আল আমিন খানসহ আরো ৪ জনকে কুপিয়ে আহত করে। এসময় ডাকাতরা দুটি ঘরের স্টিলের আলমারি ভেঙ্গে টাকা নিয়ে যায়।
শরীয়তপুরের পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা নেয়া হবে। অনুসন্ধান করে ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
