ঝিনাইদহে বিদ্যুত্স্পৃষ্টে, ডোমারে কীটনাশক পানে, তারাগঞ্জে পানিতে ডুবে পৃথক ঘটনায় বিভিন্ন স্থানে আটজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
দিনাজপুর
জেলার বোচাগঞ্জ উপজেলার ভরলা গ্রামে গত মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্টে মোঃ সানাউল্লাহ মুন্সির পুত্র মোঃ ওদুদ মুন্সি (২১) নামে একজনের মৃত্যু হয়েছে। সেতাবগঞ্জ রেল স্টেশন সংলগ্ন ডোবায় জাল দিয়ে কচুরিপানা তোলার সময় বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ (ঝিনাইদহ)
জেলার কালীগঞ্জ উপজেলার ভাতঘারা গ্রামে গতকাল বুধবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে আজিনুর রহমান (২৫) নামে একজন মারা গেছেন। সে আবু তালেবের ছেলে। নিজ বাড়িতে পাট শুকাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ডোমার (নীলফামারী)
ডোমার উপজেলায় খেরকাটি বাবুপাড়া গ্রামে গত মঙ্গলবার কীটনাশক পান করে ছমছের আলীর পুত্র ফদিয়ার রহমান (২৫) নামে একজন আত্মহত্যা করেন। তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডোমার থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন। থানায় একটি ইউডি মামলা হয়েছে।
তারাগঞ্জ (রংপুর)
জেলার তারাগঞ্জ উপজেলায় খারুভাঁজ গ্রামে গত মঙ্গলবার পানিতে ডুবে এরশাদ হোসেনের ছেলে আরাফাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
হাটহাজারী (চট্টগ্রাম)
হাটহাজারী উপজেলায় গত মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্টে ও বিষপানে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শাহারা পোল্ট্রি ফার্মের কর্মচারী বিদ্যুত্স্পৃষ্টে সুমন সাং মার্মা (২০) নামে একজনের মৃত্যু হয়। সে রাঙামাটি জেলার মানিকছড়ির সাত্ওয়াই মার্মার পুত্র। ঝড়ে পড়া তারের সাথে বিদ্যুত্স্পৃষ্টে এ ঘটনা ঘটে। এদিকে ধলই এরায়েতপুরে বিষপানে হাবিবুর রহমান (২৮) নামের একজন আত্মহত্যা করে। সে ইঞ্জিনিয়ার আবুল বশরের ছেলে।
বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার আবুল কাশেম (৫০) নামে এক ৪র্থ শ্রেণির কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ফজরের নামাজ পড়ার কথা বলে বিশ্ববিদ্যালয়ের করিম ভবন এলাকার বাড়ি থেকে বেরিয়ে যান। পরে এলাকার মসজিদের কাছে ঝিগার গাছের সাথে তার লাশ ঝুলতে দেখা যায়। সে বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের নাইট গার্ড হিসাবে কর্মরত ছিলেন।
কাশিয়ানী (গোপালগঞ্জ)
কাশিয়ানী উপজেলার বেলতলা বাজারে গত সোমবার গভীর রাতে চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শহিদ সিকদারের ছেলে ইয়াছিন (১৪) নামে একজন মারা গেছে। জানা যায়, এ চুরির সাাথে ইউসুফ মোল্লার ছেলে রবিঊল (১৬), হাফিজুর শেখের ছেলে মুছা (১২) ও বাদশা শেখের ছেলে রবিউল (১৩) জড়িত ছিল। পুলিশ ইয়াসিনের তিন সহযোগী ও দোকান মালিক সহিদ শেখকে গ্রেপ্তার করেছে। কাশিয়ানী থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, নিহত ইয়াসিন বেলতলা বাজারের সহিদের দোকানের বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে বলে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে।
