মাত্র দশ হাজার টাকায় অপহরণ করা হয় আট বছরের শিশু ১ম শ্রেণির ছাত্র মোখলেছুরকে। মোখলেছুরের মা পৈতৃকসূত্রে পাওয়া জমি তার ভাই ওহাবের নামে সোমবার রেজিস্ট্রি করে দেয়ার কথা ছিল।
এতে ক্ষিপ্ত হয়ে অপর ভাই আ. গফুর জমি রেজিস্ট্রি ঠেকাতে মোখলেছুরকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করে। মামা আব্দুল গফুরের কথামত ১০ হাজার টাকা চুক্তিতে খালাত ভাই আশরাফুল গত রবিবার রসগোল্লা খাওয়ার প্রলোভনে স্কুল থেকে শিশুটিকে অপহরণ করে অপর খালাতো ভাই ঘাতক রাহেমুল (২৫), খালু জাহান আলী ও মাহাবুবুর রহমানের হাতে তুলে দেয়। ঘাতকরা ওইদিন সন্ধ্যায় মোখলেছুরকে শ্বাসরোধে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেয়।
মোখলেছুর স্কুল থেকে ফিরে না আসায় বাবা-মা খোঁজ করতে থাকে। তখন জনৈক ব্যক্তি জানায়, খালাতো ভাই আশরাফুল তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে নিয়ে গেছে। সোমবার সকালে শিশুটির পরিবারের লোকজন আশরাফুলকে কৌশলে ডেকে আনে। এ সময় রাহিমুল আসলে তাদের দু’জনকে পুলিশে দেয় নিহত শিশুটির পরিবার। দুপুরে লাশ ভেসে উঠলে এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়। বিকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানায়, অপহরণকারী আশরাফুল, ঘাতক রাহেমুল ও জাহান আলীসহ পাঁচ আসামি গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৃশংস এ হত্যাকাণ্ডের তথ্য বেরিয়ে আসে। তারা জানায়, এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন নিহতের মামা আব্দুল গফুর ও তার স্ত্রী কহিনুর বেগম। অপর ঘাতক মাহবুবুর রহমানসহ ৩ আসামি পলাতক রয়েছে।
