বিসিবি নির্বাচন, নিউজিল্যান্ডের সিরিজ, প্রিমিয়ার লিগ, বিশ্বকাপ, এশিয়া কাপ; ক্রিকেটের এতো ডামাডোলে হারিয়ে যেতে বসেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং কেলেঙ্কারি। বিসিবির দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী তদন্ত রিপোর্ট পাওয়ার ৪০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠনের কথা থাকলেও সে তারিখ বিসিবি অনেক আগেই মিস করেছে। এখন অপেক্ষা, কবে বিসিবি এই ট্রাইব্যুনাল গঠন করে। গতকাল সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, এই মাসের ৬ তারিখ, মানে আগামী রবিবারের মধ্যে ট্রাইব্যুনাল গঠন হয়ে যাবে।
বিপিএলের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন ঢাকা গ্লাডিয়েটর্সের দুটি ম্যাচ নিয়ে তদন্ত করছিল আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু)। আকসু তার রিপোর্ট দেয়ার আগেই সংবাদ মাধ্যমে অভিযুক্ত হিসাবে মোহাম্মদ আশরাফুলের নাম চলে আসে এবং তিনি প্রকাশ্যে এই অপরাধের স্বীকৃতি দিয়ে জাতির কাছে ক্ষমা চান। এরপর আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও বিসিবি সভাপতি ঢাকায় যৌথ সংবাদ সম্মেলন করে জানান, আকসু সাতজনকে মোট অভিযুক্ত করেছে। যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি। বলা হয়েছিল, আইন অনুযায়ী প্রথমে একটি ডিসিপ্লিনারি কমিটি এবং পরে ডিসিপ্লিনারি কমিটির মতে এক বা একাধিক ট্রাইব্যুনাল করা হবে।
এর মধ্যে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীকে ডিসিপ্লিনারি কমিটির প্রধান করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর ছিল। পরে সংবাদ মাধ্যমে কমিটির আরও কয়েকজন সদস্যের নামও জানা যায়। এরপরই থমকে যায় সবকিছু। ডিসিপ্লিনারি কমিটির বৈঠক বা ট্রাইব্যুনাল গঠন আর হয়েছে বলে জানা যায়নি।
অবশেষে বিসিবি সভাপতি বললেন, ‘এ ব্যাপারে আমরা কাজ এগিয়েছি। গতকালও আমি আইসিসি সভাপতির সঙ্গে এ নিয়ে কথা বলেছি। আশা করছি ৬ তারিখের মধ্যে ট্রাইব্যুনাল গঠন হয়ে যাবে।’
