একজন চলে যাবে। অন্যজন বলল, ‘চিঠি দিস।’
যে যাবে, সে কোনো কথা বলল না।
চোখ ছল-ছল—শুধু তার লাল মাফলার ভেজে।
এত দিন এই ঘর দুজনের ছিল
আজ থেকে দুইখানে দুইজন একা!
মাঝেমধ্যে দেখা হয়—
জেব্রাক্রসিংয়ে, ব্যতিব্যস্ত, বিপরীতমুখী;
অথবা লিফটে এক মিনিট।
হঠাত্ জড়িয়ে ধরা :
—কেমন আছিস?
—এই তো আগের মতো। তুই?
এর পর ফের তারা একা।
চিঠি আর হয় না লেখা—না টেলিফোন কিংবা মেসেজ;
দুজন বেকার বন্ধু বাণিজ্যিক শহরে
কিছু দিন পরপর দেখা।
