‘অ্যাসোসিও’র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ অবদান সম্মাননা’ পেলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। গতকাল এই সম্মাননা আনুষ্ঠানিকভাবে মোস্তাফা জব্বারের হাতে তুলে দেন অ্যাসোসিও’র চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফী। বিসিএস কার্যালয়ে এই সম্মাননাপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস সহ-সভাপতি মো. মঈনুল ইসলাম, মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, পরিচালক এটি শফিক উদ্দিন আহমেদ ও মো. ফয়েজউল্যাহ খান এবং সাংবাদিকবৃন্দ। বাংলাদেশ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথ্যপ্রযুক্তি শিল্পে বিশেষ অবদানের জন্য অ্যাসোসিও তাকে এ সম্মানে ভূষিত করে। অ্যাসোসিও’র ৩০ বছরপূর্তি উপলক্ষে অ্যাসোসিও এ সম্মাননার আয়োজন করে। এ প্রসঙ্গে অ্যাসোসিও’র চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফী বলেন, ‘বাংলাদেশের তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির বিকাশে নিরন্তর চেষ্টার স্বীকৃতি হিসেবে অ্যাসোসিও তাকে এ স্বীকৃতি প্রদান করেছে।’ এই সম্মাননা পাওয়া প্রসঙ্গে মোস্তাফা জব্বার অ্যাসোসিও এবং বিসিএস-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
