শিল্পীদের কলকাতায় ছবি করার নামে ‘ফাঁকা আওয়াজ’ সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রখ্যাত মডেল ও অভিনেতা দিলরুবা ইয়াসমিন রুহি বলেন, ‘আমার বিষয়টি কখনোই ফাঁকা আওয়াজ ছিলনা। কারণ ‘ভিগনেস’ নামের যে প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি হয়েছিল, তাদের সাথে আমার ডিরেক্টর মহুয়া চক্রবর্তীর সাথে মূলত একটি ঝামেলা তৈরি হয় বলেই প্রজেক্টটা পিছিয়ে যায়। কারণ প্রযোজনা প্রতিষ্ঠান আরও একজন ডিরেক্টরের সাথে যৌথভাবে ছবিটি করার ব্যাপারে পরামর্শ দেয়। কিন্তু এতে মহুয়া রাজি ছিলেন না, কারণ ‘গ্ল্যামার’ নামে যে চলচ্চিত্র আমার করার কথা সেটি মহুয়ার দীর্ঘদিনের প্ল্যান এবং নিজেরই স্ক্রিপ্ট। এ কারণে তিনি নিজেই এটি পরিচালনার কথা বলেন। সে কারণেই এই প্রজেক্টটি পিছিয়ে যায়। কিন্তু কন্ট্রাক্ট মতো আমাকে সাইনিং মানি হিসেবে ৫০ হাজার রুপিও দেয়। যার ডকুমেন্ট আমার কাছে আছে। আমাদের এখানে অনেকে বিনা পারিশ্রমিকে কাজ করে এসেছে এ ধরনের খবরও আছে। কিন্তু আমি ওদের সাথে অফিসিয়ালিই কাজ শুরু করি। এরপর নতুনভাবে ওরিয়ন এন্টারটেইনমেন্টের সাথে কাজ শুরু করি। যারা ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘চ্যাপলিন’সহ একাধিক প্রখ্যাত চলচ্চিত্রের প্রযোজক। সেখানে পরমব্রতর সাথে ছবিটির কাজ এগোলেও পরমের মা অসুস্থ থাকায় কাজটি পিছিয়ে যায়। নতুন তারিখ চূড়ান্ত হওয়া মাত্রই আমি অফিসিয়ালি সবাইকে জানাবো। এখানে আমার লুকোচুরির কিছু নেই। এমনকি গত ২০ মে আমাদের শুটিংয়ের সবকিছু চূড়ান্ত করতেই মহুয়া চক্রবর্তী ঢাকায় এলে আমার বাসাতেই থাকেন। এরপর ছবিটির শুটিংয়ের জন্য ভারতীয় দূতাবাসের সাথে অফিসিয়ালি আমরা মিটিং করি, সেখানে আমাকে শুটিংয়ের সুবিধার্থে তারা আমাকে এক বছরের মাল্টিপল ভিসা দেয়। যা একজন শিল্পী হিসেবে অনেক সম্মানের। কিন্তু বাংলাদেশের অনেক শিল্পীই চোরের মতো লুকিয়ে দেশের বাইরে শুটিং করে আসে। আমাদের ক্ষেত্রে পুরোপুরি অফিসিয়ালি আমরা করার চেষ্টা করেছি। খুব শিগগিরই এই শুটিংয়ের তারিখ চূড়ান্ত হলেই সবার কাছে বিষয়টি স্পষ্ট হবে। এদিকে কলকাতা থেকে সেল ফোনে রুহির চলচ্চিত্রের নির্মাতা মহুয়া চক্রবর্তী বলেন, ‘আমরা দুটি বিচ্ছিন্ন ঘটনার জন্য তারিখ পিছিয়েছি। আর পুরো বিষয়টি মিডিয়াকে ফলাও করে প্রচারও করতে চাইনি। আমরা চেয়েছি কাজটা শেষ হলে তবেই সবাইকে জানাতে। আমি মনে করি, রুহি একজন আন্তর্জাতিক মানের শিল্পী, তাই এত বাধা-বিপত্তির পরও আমি ওকে নিয়েই ছবিটা করতে চাই। এটা আমার ব্যক্তিগত ইচ্ছে বলতে পারেন। তাই খুব শিগগিরই এই ছবির শুটিংয়ের তারিখ আমরা জানাতে পারব আশা করি।’
