সীমানার ‘লাভ ম্যারেজ’

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৪৭
এ সময়ের ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সীমানা সম্প্রতি ‘লাভ ম্যারেজ’ শিরোনামের ঈদের বিশেষ একটি নাটকে অভিনয় করলেন। বৃন্দাবন দাসের রচনা এবং দীপু হাজরার পরিচালনায় এই নাটকে সীমানাসহ আরও অভিনয় করেছেন—চঞ্চল চৌধুরী, স্বপন, শাহনাজ খুশী, মাসুদ রানা মিঠু, মায়া ঘোষ, মুরাদ খান, আপেল, আশরাফ রবি, সানজানা আফরিন মৌসহ আরও অনেকে। আসছে ঈদুল আজহায় একুশে টেলিভিশনে নাটকটি প্রচার হবে। নাটকটি প্রসঙ্গে সীমানা বলেন, ‘গল্পটি অনেক চমত্কার। অনেক মজা পেয়েছি। ভয় পেয়েছিলাম যখন রাতের অন্ধকারে সমাপ্তি ভাইয়ের বাইসাইকেলে ভাগতে হবে। কারণ আমি বাইসাইকেলে অনেক ভয় পাই। পরিচালক দীপু ভাইকেও বলেছিলাম। কিন্তু তার যে কথা সেই কাজ। অতঃপর উঠলাম সাইকেলে, প্রথম এই বুঝি পড়ে গেলাম—এ রকম ভয়, কিছুক্ষণ এভাবে যাওয়ার পর স্বাভাবিকভাবেই শর্ট দিতে পারলাম। আশা করছি নাটকটি দেখে দর্শক অনেক বিনোদন পাবে।’ দীপু হাজরা বলেন, ‘আমি উত্সবকে কেন্দ্র করেই সাধারণত নাটক নির্মাণ করি। একেবারে হাতেগোণা নাটক বানাই, খুব বেশি কাজ করি না। একটি সুন্দর গল্প নিয়ে কাজ করার চেষ্টা করি। এবারও তাই করেছি। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’