প্রিয়াঙ্কা চোপড়া ‘বদমাশ বাবলি’ ও ‘পিংকি’—এই দুটি আইটেম গান দিয়ে খুব একটা ভালো জায়গা করতে পারেননি আইটেম বাজারে। আর আইটেমে যতক্ষণ সফলতা না আসছে ততক্ষণ বুঝি ক্ষান্ত হবেন না প্রিয়াঙ্কা। এবার বোধহয় সেই কাঙ্ক্ষিত সাফল্য এসে গেছে। কেননা, এবার প্রিয়াঙ্কা আইটেম গার্ল হিসেবে পারফর্ম করেছেন সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবিতে। আর বানসালির ছবি মানেই দর্শকদের উপচে পড়া ভিড় এবং চিত্রনাট্যে অনেক আকর্ষণ। প্রিয়াঙ্কার এই আইটেম গানটির কোরিওগ্রাফি করেছেন প্রভু দেবার ভাই বিষ্ণু দেবা। গানে প্রিয়াঙ্কাকে দেখা যাবে, সাদা রঙের ধুতি এবং সাদা রঙের চোলি পরে পারফর্ম করতে। এই আইটেম গানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রিয়াঙ্কার পায়ের বিশেষ কয়েকটি মুদ্রা।
উল্লেখ্য, ‘রামলীলা’ ছবিটি আগামী মাসের ১৫ তারিখে মুক্তি পাবে। ৩৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
