আন্তর্জাতিক অহিংসা দিবস ও মহাত্মা গান্ধীর ১৪৪তম জন্মবার্ষিকী পালন করেছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্ট। গত বুধবার নানা আয়োজনের মধ্যদিয়ে গান্ধী আশ্রম ট্রাস্টের সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার প্রদান করা হয়। ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিচালক রাহা নবকুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের, এম.সি.সি বাংলাদেশের প্রতিনিধি শ্যাম গোবিন্দ চক্রবর্তী, প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ, প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, চন্দ্র উদয় মজুমদার ও গোপাল চন্দ্র রায় প্রমুখ। বক্তারা বলেন, গান্ধীর জন্মদিন এবং অহিংসার দর্শনকে স্মরণীয় করে রাখার জন্য জাতিসংঘ ২০০৭ সালে ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস স্বীকৃতি প্রদান করে। বিশ্ব সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহাত্মা গান্ধীর দর্শনকে লালন-পালন, চর্চা ও বিস্তার ঘটানোর আহ্বান জানান।
