নীলফামারী, দামুড়হুদা ও মিঠাপুকুরে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নীলফামারী
নীলফামারী সদর উপজেলার দুহুলী গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে আব্দুল ওয়াহেদের পুত্র ওবায়দুল ইসলাম (২৫) নামে একজনের মৃত্যু হয়।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দামুড়হুদার দর্শনায় গত বুধবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে যুথি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়। সে দর্শনার পৌর এলাকার সীমান্তবর্তী জয়নগর গ্রামের শরিফুদ্দিনের মেয়ে। যুথি জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বাড়ির পাশে বিদ্যুতের ঝুলানো তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।
মিঠাপুকুর (রংপুর)
মিঠাপুকুর উপজেলার কাগজিপাড়া গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে অভিমান করে আম্বিয়া (১৯) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেন। সে ইউসুফ আলীর স্ত্রী।
