দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নড়াইল
জেলার সদর উপজেলার শড়াতলা গ্রামে গত বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় মেহেরুন নেছা (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি আমীর হোসেনের স্ত্রী। নড়াইল-লোহাগড়া সড়কে রাস্তা পার হওয়ার সময় লোহাগড়াগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে সদর হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায় গত বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে আলাউদ্দিন রবিন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিত্সাধীন অবস্থায় রবিনের মৃত্যু হয়। রবিন শেখপাড়া এলাকার মোহাম্মদ রবিউল আলমের ছেলে।
ভূঞাপুর (টাঙ্গাইল)
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল লাইনের জোকারচর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ট্রেনের ধাক্কায় মনির হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। সে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার রাম জীবনপুর গ্রামের শামছু ভেন্ডারের পুত্র। রাজশাহী থেকে কমলাপুরগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ঐ বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের জোকারচর এলাকার ক্রসিং অতিক্রমকালে মোটরসাইকেল আরোহীর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোবাশ্বের মুরাদ মিঠু গত বুধবার ক্যাম্পাসের লন্ডন ব্রিজ রেল লাইনে কাটা পড়ে মারা যান।
