নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমানুল হক আইনুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে রাজধানীর তোপখানা রোডে তার বাসার সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহতের স্বজনরা জানান, তোপখানা রোডের ৩/২ নম্বর বাসায় থাকেন আমানুল হক আইনুল। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তিনি প্রাইভেট কারে বাড়িতে ফিরছিলেন। তার গাড়িটি বাসার সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। মাইক্রোবাস থেকে নেমে এক ব্যক্তি আইনুলকে তার গাড়ির দরজা খোলার অনুরোধ করেন। আইনুল দরজা খোলার পরপরই মাইক্রোবাস থেকে চার-পাঁচজন যুবক নেমে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়। তিনি ডান হাত দিয়ে কোপ ঠেকাতে গেলে তার হাতের দু’টি আঙ্গুলের অগ্রভাগ কেটে পড়ে যায়। অপর তিনটিও কেটে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে কিছু আঘাত লাগে। পরে আইনুল সাহায্যের জন্য চিত্কার শুরু করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এদিকে তার আহত হওয়ার খবর পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বৃহস্পতিবার হাসপাতালে যান। তিনি আইনুলের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ ব্যাপারে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা হয়েছে।
