তরুণ অভিনেতা আরেফিন শুভ সম্প্রতি ‘অগ্নি’ ছবির শুটিং করার সময় বাহুতে মারাত্মক ব্যথা পান। আর সেই ব্যথা থেকেই এখন হাতের সার্জারি করাতে হচ্ছে তাকে। জানা যায়, চার বছর আগে ‘রক্ষা’ টেলিফিল্মের শুটিংয়ের সময় হাতের বাহুতে প্রথম ব্যথা পান তিনি। ডাক্তার সেসময় দেখে বলেছিলেন সার্জারি করাতে। কিন্তু ব্যথা ক্রমে কমে যাওয়ায় তিনি আর সার্জারি করাননি এবং প্রয়োজনও বোধ করেননি। কিন্তু সম্প্রতি ব্যাংককে ‘অগ্নি’ ছবির শুটিং চলাকালীন একই জায়গায় আবার আঘাত পেয়েছেন তিনি। ব্যথা অসহনীয় হওয়ায় তিনি সঙ্গে সঙ্গেই ডাক্তারের স্মরণাপন্ন হন। ব্যাংককস্থ ওই ডাক্তার তাকে সার্জারির জন্য ভারতের এক বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে বলেন। কিন্তু, সঙ্গে সঙ্গে সার্জারি না করিয়ে নিয়মিত শুটিং চালিয়ে যান তিনি। আর বিলম্ব করায় প্রায় পঙ্গু হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে বলে ডাক্তার জানায় তাকে। ‘রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন’ রোগ দেখা দিয়েছে হাতে। তাই সম্প্রতি ভারতে শিবাজী চৌধুরীর তত্ত্বাবধানে হাতের সার্জারি করাতে গিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার তার হাতের সার্জারি হয়েছে। উল্লেখ্য, অগ্নি ছবিটি এই ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও আরেফিন শুভ’র অসুস্থতাসহ বিভিন্ন কারণে ছবিটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে না। অন্যদিকে আরেফিন শুভর প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটি এই ঈদে মুক্তি পেতে চলেছে।
