আট দাবিতে ইউপি চেয়ারম্যান মেম্বারদের আল্টিমেটাম

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:১৮
ইউপি চেয়ারম্যানদের সম্মানজনক পদমর্যাদা নির্ধারণ করে তা ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে অন্তর্ভুক্তকরণ, চেয়ারম্যান ও সদস্যদের সম্মানিভাতা যুগোপযোগীকরণসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফোরাম এই দাবি জানায়। ২৪ অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে আগামী ১২ নভেম্বর দেশের ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যগণ ঢাকায় এসে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দেয়া হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি মাহবুবুর রহমান টুলু। তিনি বলেন, দেশে ৪ হাজার ৫শ’ ৭১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রান্তিক মানুষের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান হিসেবে অধিক কার্যকর। কিন্তু সরকারের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে তাদের ভূমিকা ক্ষুণ্ন করে আমলাদের অগ্রাধিকার দেয়া হয়, যা সংবিধানের ৫৯ অনুচ্ছেদ লঙ্ঘন করে। তারা সামান্য (মাত্র ১৫০০ টাকা) সম্মানিতে কাজ করেন। তাই ফোরাম প্রান্তিক জনপ্রতিনিধিদের কল্যাণে কাজ করছে। এসময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাত্ জামান চৌধুরী জর্জ, অর্থ বিষয়ক সম্পাদক নাজির হোসেন, খুলনা বিভাগীয় সভাপতি শহিদুল ইসলাম পিন্টু প্রমুখ।