ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা-২ আসনের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। নির্বাচন বাতিলের দাবিতে আজ শনিবার দেশব্যাপী জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং রাজধানীতে মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
শুক্রবার পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী কর্মসূচি ঘোষণা করে বলেন, যে সরকারের অধীনে একটি উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না, তাদের অধীনে কখনই জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। আগামী সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দেয়া না হলে দেশবাসী প্রহসনের নির্বাচন মেনে নিবে না।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।
